২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে মুগ্ধ লারা

“বাংলাদেশ সফর আমি দারুণ উপভোগ করছি। আরেকটু ঘুরে-ফিরে দেখতে পারলে খুব ভালো লাগতো।”

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

চট্টগ্রাম কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসে, বাংলাদেশকে খুব কাছ থেকে দেখে ভীষণ মুগ্ধ ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের অনেক মিল খুঁজে পেয়ে আপ্লুত ক্যারিবীয় ব্যাটিং-কিংবদন্তি।

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চট্টগ্রাম ‍কিংসের ‘ওয়ারড্রোব পার্টনার’ ‘এক্সট্যাসি’র একটি শাখা উদ্বোধনের পর লারা বলেন, “দুই দেশের মানুষ একই রকম বন্ধু বৎসল ও ক্রিকেট-ভক্ত। ওয়েস্ট ইন্ডিজের সংস্কৃতি একটু বেশি বৈচিত্র্যপূর্ণ। তবে দুই অঞ্চলের মানুষের মধ্যে অনেক মিল।”

“বাংলাদেশ সফর আমি দারুণ উপভোগ করছি। আরেকটু ঘুরে-ফিরে দেখতে পারলে খুব ভালো লাগতো। আমার সফর-সূচী ব্যস্ত। এর মধ্যে আমরা খুলনা থেকে ঘুরে এসেছি। এখন আবার চট্টগ্রাম যেতে হবে। কোনো দেশে গেলে সব জায়গা ঘুরে দেখতে ইচ্ছে করে। কিন্তু ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়,” যোগ করেন তিনি।

শুরুটা ভালো না হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংস ভালো করবে বলে আত্মবিশ্বাসী লারা। তিনি বলেন, “চট্টগ্রামের শুরুটা ভালো হয়নি। তিন ম্যাচে মাত্র একটা জয় পেলেও আমরা উন্নতি করছি। চট্টগ্রাম নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছে।”

“কোনো টুর্নামেন্ট জিততে হলে স্থানীয় ক্রিকেটারদের ভালো করতেই হবে। আমি আগেও বলেছি, শিরোপা জয় শুধু বিদেশি ক্রিকেটারদের ওপরে নির্ভর করে হয় না। প্রত্যেক দলে ছয় জন স্থানীয় খেলোয়াড় খেলেন। তাদেরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে হয়,” যোগ করেন টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক।

এবারের বিপিএল সম্পর্কে লারা বলেন, “বিপিএলের এটি দ্বিতীয় আসর। কিছু ছোটখাটো ভুল-ত্রুটি হয়তো এখনো রয়েছে। তবে এক সময় এগুলো কেটে যাবে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরী এবং ক্রিকেটার শন টেইট, রবি বোপারা, জেসন রয়, আরাফাত সানি প্রমুখ উপস্থিত ছিলেন।