শেষ বলের ছক্কায় দক্ষিণ আফ্রিকার জয়
তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
শেষ বলে রায়ান ম্যাকলারেনের ছক্কায় নাটকীয় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১৬ রানের দারুণ এক ইনিংস খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ১ উইকেটের জয়ের আরেক স্থপতি গ্রায়েম স্মিথ।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করা নিউজিল্যান্ড পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে গ্র্যান্ট ইলিয়ট (৫৪), কলিন মানরো (৫৭) ও জেমস ফ্র্যাঙ্কলিনের (অপরাজিত ৫৩) তিনটি অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২৬০ রান করে।
জবাবে ম্যাচ সেরা স্মিথের দশম ওয়ানডে শতক সহজ জয়ের পথে এগিয়ে নিচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু স্মিথের বিদায়ের পর অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতা শঙ্কায় ফেলে দেয় স্বাগতিকদের।
ফ্র্যাঙ্কলিনের করা শেষ বলে প্রয়োজন ছিল তিন রান। অফস্টাম্পের বাইরে পিচ পড়া খাটো লেন্থের বলটি লং লেগের
ওপর দিয়ে সীমানার ওপারে পাঠিয়ে সমর্থকদের উল্লাসে ভাসিয়ে দেন বাঁহাতি ব্যাটসম্যান ম্যাকলারেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৬০/৯ (গাপটিল ৫, ওয়াটলিং ২০, উইলিয়ামসন ৬, ইলিয়ট ৫৪, ব্রেন্ডন ম্যাককালাম ১৩, মানরো ৫৭, ফ্র্যাঙ্কলিন ৫৩*, নাথান ম্যাককালাম ২, নিশাম ১৩, মিলস ৭, ম্যাকক্লেনাগান ২*; সোতসোবে ৪/৪৫, ম্যাকলারেন ৪/৫২)
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৬৪/৯ (ডি কক ৩১, স্মিথ ১১৬, ইনগ্রাম ২৫, দু প্লেসি ১৯, বেহারদিন ৪, মিলার ১৫, ম্যাকলারেন ২৫*, ক্লাইনভেল্ট ৬, ফাঙ্গিসো ৯, স্টেইন ৪, সোতসোবে ০*; ফ্র্যাঙ্কলিন ২/৩৮, মিলস ২/৪০, উইলিয়ামসন ২/৪০, ম্যাকক্লেনাগান ২/৭০)
ম্যাচ সেরা: গ্রায়েম স্মিথ
