চট্টগ্রাম কিংসের প্রথম জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবারের প্রথম ম্যাচে বরিশাল বার্নার্সকে ২১ রানে হারিয়েছে চট্টগ্রাম কিংস।
চট্টগ্রামের এটি প্রথম জয়। অন্য দিকে গত আসরের রানার্সআপ বরিশালের তৃতীয় হার।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৯ রান করে চট্টগ্রাম। জবাবে ৯ উইকেটে ১০৮ রানেই থেমে যায় বরিশালের ইনিংস।
মাত্র ১৩০ রানের লক্ষ্য দিয়েও দলকে সহজ জয় এনে দেয়ার কৃতিত্ব চট্টগ্রামের বোলারদের। এনামুল হক জুনিয়র (২/১২), শন টেইটের বদলে খেলতে নামা কেভন কুপার (২/১৮) ও আরাফাত সানির (২/২৩) মারাত্মক বোলিংয়ে অধিনায়ক ব্র্যাড হজ ছাড়া আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারে নি।
৬১ রানে বিদায় নেয়ার আগে ২৫ বলে ৩৪ রান করেন হজ। তার বিদায়ের পরও বরিশালের স্বপ্ন টিকে ছিল। কিন্তু অলক কাপালী (১২), সাব্বির রহমান (৫), কবীর আলী (৮) ও শুভাগত হোম চৌধুরীর (৬) দ্রুত বিদায়ের পর আর পেরে উঠেনি গত আসরের রানার্সআপরা।
ম্যাচ শেষে বোলারদেরই দুষলেন হজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বোলাররা দারুণ বল করেছেন। আমাদের ব্যাটিং ভালো হয় নি।”
আগের দুই ম্যাচেই হেরে যাওয়া চট্টগ্রাম তৃতীয় ম্যাচেও ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনে। জেসন রয়কে বাদ দেয়ায় নাঈম ইসলামের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন রবি বোপারা। ৭ ওভার ২ বলে তাদের ৫২ রানের জুটির সৌজন্যে শুরুটা ভালোই হয় চট্টগ্রামের।
কবীর আলীর বলে আজহার মেহমুদের ক্যাচে পরিণত হয়ে নাঈম (১৯) সাজঘরের পথ ধরলে ভাঙ্গে বিপজ্জনক হয়ে উঠা উদ্বোধনী জুটি। এরপর বেশিক্ষণ টেকেন নি বোপারাও। ২৯ বলে ৫টি চারে গড়া তার ৩৮ রানের ইনিংস শেষ হয় শফিউল ইসলামের বলে অলকের সহজ ক্যাচে পরিণত হয়ে।
ছন্দে থাকা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (৩) ও ব্রেন্ডন টেলরের (১৪) দ্রুত বিদায় নিলে অস্বস্তিতে পড়ে চট্টগ্রাম।
৫২/০ থেকে ৭৭/৪ এ পরিণত হওয়া চট্টগ্রামকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার কৃতিত্ব জ্যাকব ওরাম (১৬ বলে ১৮) এবং বিপিএলে অভিষিক্ত রায়ান টেন ডয়েসকেট (১৯ বলে ২৩)।
বরিশালের পক্ষে মেহমুদ, শফিউল ও কবীর দুটি করে উইকেট নেন।
ম্যাচ সেরা বোপারা বলেন, “এই উইকেটে ১৪০/১৫০ রানই যথেষ্ট ছিল। ১৩০ রানকেই আমাদের লড়াইয়ের জন্য যথেষ্ট মনে হয়েছে।”
“প্রথম দুই ম্যাচ হেরে আমরা খুব চাপে ছিলাম। এই জয় সবার জন্য স্বস্তি হয়ে এসেছে,” যোগ করেন তিনি।
