উইলিয়ামসনের শতকে সিরিজ নিউজিল্যান্ডের
কেন উইলিয়ামসনের অপরাজিত ১৪৫ রানের সৌজন্যে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২৭ হারিয়েছে নিউজিল্যান্ড। সুবাদে এক ম্যাচ হাতে রেখেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জিতেছে অতিথিরা।
শুক্রবার পচেফস্ট্রমে তৃতীয় ও শেষ ওয়ানডে।
কিম্বার্লিতে টস হেরে ব্যাট করতে নেমে উইলিয়ামসনের ১৩৬ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় গড়া ইনিংসের সৌজন্যে ৮ উইকেটে ২৭৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।
জবাবে ৩০ ওভার পর্যন্ত কক্ষপথেই ছিল দক্ষিণ আফ্রিকা। সে সময় ১ উইকেটে ১৬৫ রানের শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল তারা।
এর পরেই ছন্দপতন। পাঁচ রান আউটের ধাক্কা সামলে উঠতে না পেরে ফাফ দু প্লেসির দল ২৫২ রানেই অলআউট হয়ে গেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।
দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন উইলিয়ামসন। ২৮ রানে ২ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার কাইল মিলস।
ব্যাট করতে নেমে ৩২ রানে ২ উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ১৩তম ওভারে বিজে ওয়াটলিংকে (১২) ফিরিয়ে দিয়ে শততম ওয়ানডে উইকেট নেন মর্নে মরকেল।
তার বিদায়ের পর উইকেটে আসেন গ্রান্ট ইলিয়ট। তৃতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে ১২৮ বলে তার ১২৭ রানের জুটির সৌজন্যে স্বস্তি ফেরে অতিথি শিবিরে।
৪৮ রান করে ইলিয়টের বিদায়ের পর মিডিল অর্ডারে ছোট্ট একটা ধস নামলেও ২২ বছর বয়সী উইলিয়ামসন ছিলেন অবিচল। নাথান ম্যাককলাম (১৯) ও মিলসের (অপরাজিত ১৫) ছোট্ট কিন্তু কার্যকরী ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়।
জবাবে দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দিয়েছিলেন কুইটন ডি কক (২৫) ও গ্রায়েম স্মিথ (৬৬)। ডি কককে বোল্ড করে ৩৮ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন মিলস।
দ্বিতীয় উইকেটে স্মিথের সঙ্গে কলিন ইনগ্রামের (৭৯) জুটি স্বাগতিকদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তোলে। তিন রান নিতে গিয়ে জেমস ফ্র্যাঙ্কলিনের থ্রোয়ে স্মিথ রান আউট হয়ে গেলে ভাঙ্গে তাদের ১২৯ রানের জুটি। আট বল পরে দু প্লেসিও রান আউট হয়ে গেলে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
এরপর নাথান ম্যাককালাম ইনগ্রামকে ফিরিয়ে দিলে চালকের আসনে বসে নিউজিল্যান্ড। ডেভিড মিলার (১৪), ররি ক্লাইনভেল্ট (০) ও ফারহান বেহারডিন (৩১) রান আউট আর ম্যাচে ফিরতে দেয়নি স্বাগতিকদের।
