২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের প্রথম জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবারের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স।

অনীক মিশকাত অনীক মিশকাত

খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 07:54 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বিপিএলর নতুন দল রংপুরের এটি প্রথম জয়। অন্য দিকে চট্টগ্রামের টানা দ্বিতীয় হার।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩২ রান করে চট্টগ্রাম। জবাবে ১৯ ওভার ৩ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই ইমরুল কায়েসের বিদায়ে রংপুরের শুরুটা ভালো হয়নি।

দুই ভাই নিয়াল ও’ব্রায়েন (১৭ বলে ২১) ও কেভিন ও’ব্রায়েনের (৬) সঙ্গে শামসুর রহমানের ছোট্ট দুই জুটির পরও ১০ ওভারে ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় রংপুর।

চতুর্থ উইকেটে নাসির হোসেনের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে শামসুর সাজঘরে ফেরার সময় জয় রংপুরের হাতের নাগালে। জ্যাকব ওরামের করা আঠারোতম ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৫২ রান করেন তিনি । শামসুরের ৪৫ বলের ইনিংসে দুটি করে চার ও ছক্কা।

উইকেটে থিতু হয়ে যাওয়া শামসুর বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন নাসির (অপরাজিত ৪১)। তার ৩১ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা।

২১ রানে ২ উইকেট নিয়ে ওরাম চট্টগ্রামের সেরা বোলার।

এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের শুরুটা মোটেও ভালো হয় নি। ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনা হলেও ব্যর্থ হয়েছে দলটির টপ অর্ডার ।

ব্রেন্ডন টেলরের বদলে জেসন রয়ের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন নাঈম ইসলাম। তিন নম্বরে নামেন মেহরাব হোসেন জুনিয়র। ২১ রানের মধ্যে তিনজনই সাজঘরে ফিরলে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম।

চতুর্থ উইকেটে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে টেলরের ১০ ওভার ৩ বল স্থায়ী ৭৩ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দিলেও স্বস্তি ফেরাতে পারেনি চট্টগ্রাম শিবিরে। দলীয় ৯৪ রানে বিদায় নেয়ার আগে ৩৪ বলে ৩৪ রান করেন মাহমুদুল্লাহ।

দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার চেষ্টা করেছিলেন টেলর। তবে ৫১ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে তার ৬৫ রানের অপরাজিত ইনিংসের পরও চট্টগ্রামের সংগ্রহ খুব একটা বড় হয়নি।

টুর্নামেন্ট শুরুর তিন দিনের মধ্যে টিকেটের দাম কমানো হলেও দর্শকদের সাড়া মেলেনি। বিপিএলের নতুন ভেন্যুর প্রথম ম্যাচ হয়েছে প্রায় ফাঁকা গ্যালারিতে।