২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি সভাপতির ভারত সফরের উদ্যোগ

টেস্ট মর্যাদা পাওয়ার পর এক যুগ পেরিয়ে গেলেও আজো ভারতে কোনো পুর্ণাঙ্গ সফরে যেতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনাগ্রহই তার কারণ। তবে শিগগিরি ভারত সফরে যাওয়ার উদ্যোগ নিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে তিনি বলেন, “টেস্ট মর্যাদা পাওয়ার অনেক দিন হয়ে গেলেও বাংলাদেশ এখনো ভারত সফরে যায়নি। এটা কিছুতেই মেনে নেয়া যায় না। আগামী ২৭ থেকে ২৯ জানুয়ারি দুবাইয়ে আইসিসির সভা। সেখানে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করে এ বছরই ভারত সফরে যাওয়ার দাবি জানাবো আমরা।”

বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল একাধিক বার ভারত সফরের উদ্যোগ নিলেও কখনোই সফল হননি।

গত অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পর-পরই নাজমুল হাসান বলেছিলেন, ভারত সফর হবে তার অন্যতম চ্যালেঞ্জ। বিসিবি সভাপতি হিসাবে এটাই তার প্রথম আইসিসি সভা। আর প্রথম সভাতেই ভারত সফরের লক্ষ্যপূরণে কাজ শুরু করে দিতে চান তিনি। শুধু টেস্ট সিরিজ নয়, ভারতের মাটিতে তাদের বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজও খেলেনি বাংলাদেশ। তবে ১৯৯৮ সালে ভারতে অনুষ্ঠিত একটি তিন জাতি ওয়ানডে সিরিজে বাংলাদেশ অংশ নিয়েছিল বাংলাদেশ। ঐ প্রতিযোগিতার তৃতীয় দল ছিল কেনিয়া।