২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির শহরে ভারতের জয়োৎসব

অধিনায়কের শহর রাঁচিতে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ভারত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 03:22 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

নিজের শহর রাঁচিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে হতাশ হতে হয়নি। শনিবার বোলারদের নৈপুণ্য এবং অনেক দিন পরে জ্বলে ওঠা বিরাট কোহলির অপরাজিত ৭৭ রানের সুবাদে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে ধোনির দল। পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা তাই ২-১ ব্যবধানে এগিয়ে।

রাঁচির প্রথম আন্তর্জাতিক ম্যাচে টস জয় দিয়ে ধোনির সাফল্যের শুরু। প্রথমে ব্যাট করা ইংল্যান্ড মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে গেলে ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তাও শেষ হয়ে যায়। ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রায় ২২ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।

দলীয় ২৪ রানে অধিনায়ক অ্যালিস্টার কুককে হারালেও দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়া কেভিন পিটারসেন (১৭) ও ইয়ান বেল (২৫) ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলেন দলকে। কিন্তু ইশান্ত শর্মার বলে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে পিটারসেনের কট বিহাইন্ড এবং ভুবনেশ্বর কুমারের করা পরের ওভারে বেলও ধোনির গ্লাভসবন্দী হলে ধাক্কা খায় সেই স্বপ্ন।

এক সময় ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা অতিথিরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। সপ্তম উইকেটে টিম ব্রেসনানকে (২৫) নিয়ে জো রুট (৩৯) ৪৭ রানের জুটি গড়লেও লড়াই করার মতো সংগ্রহ গড়তে পারেনি ইংল্যান্ড।

১৯ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে বেশি ক্ষতি করেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। দুটো করে উইকেট নেন ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন।

জবাবে দলীয় ১১ রানে অজিঙ্কা রাহানেকে(০) হারালেও গৌতম গম্ভীর (৩৩) ও কোহলির ৭৮ রানের জুটি ভারতের জয়ের ভিত গড়ে দেয়। ৭৯ বলে নয়টি চার ও দুটি ছক্কায় ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে কোহলির হাতে।

শনিবার দ্বিতীয় দ্রুততম হিসেবে (৯৩ ইনিংস) ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন কোহলি। ৮৮ ইনিংস ব্যাট করে এই রেকর্ডের মালিক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-কিংবদন্তি ভিভ রিচার্ডস।

সংক্ষিপ্ত স্কোর:   

ইংল্যান্ড: ৪২.২ ওভারে ১৫৫ (কুক ১৭, বেল ২৫, পিটারসেন ১৭, রুট ৩৯, মর্গান ১০, কিসওয়েটার ০, প্যাটেল ০, ব্রেসনান ২৫, ট্রেডওয়েল ৪*, ফিন ৩, ডার্নবাখ ০; জাদেজা ৩/১৯, ইশান্ত ২/২৯, অশ্বিন ২/৩৭, রায়না ১/১, সামি ১/২৩, ভুবনেশ্বর ১/৪০)

ভারত: ২৮.১ ওভারে ১৫৭/৩ (গম্ভীর ৩৩, রাহানে ০, কোহলি ৭৭*, যুবরাজ ৩০, ধোনি ১০*, ট্রেডওয়েল ২/২৯, ফিন ১/৫০)

ম্যাচ সেরা: বিরাট কোহলি