২ রানের জয়ে তামিমের স্বস্তি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবারের প্রথম ম্যাচে ৯৯ রান করেও শক্তিশালী চট্টগ্রাম কিংসকে নাটকীয়ভাবে ২ রানে হারিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তামিম ইকবাল। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উচ্ছ্বাসের চেয়ে স্বস্তিই বেশি ধরা পড়লো দুরন্ত রাজশাহীর অধিনায়কের কণ্ঠে।
তিনি বলেন, “বোলাররা খুব ভালো বল করেছে। শুরু থেকেই আমরা খেলাটা শেষ ওভার পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। শেষ ওভারে শন আর্ভিন অসাধারণ বল করেছে।”
“ওদের শেষ জুটি ব্যাট করার সময়ও মনে হয়েছে আমরা জিততে পারি। যদিও ওদের মাত্র তিন রান প্রয়োজন ছিল। তবু আমাদের মনে হয়েছে এক উইকেট নিলেই তো জিতে যাব,” যোগ করেন তামিম।
তবে জিতলেও ব্যাটসম্যানদের পারফরম্যান্সে ভীষণ হতাশ দুরন্ত রাজশাহীর অধিনায়ক। তিনি বলেন, “উইকেট থেকে স্পিনাররা কিছুটা সহায়তা পেয়েছে, পেসারদের বলও নিচু হয়ে যাচ্ছিল। তারপরও অন্তত ১৩০ রান করা উচিৎ ছিল। আমাদের ব্যাটিং একদমই ভালো হয়নি। এই ব্যাটিং গ্রহণযোগ্য নয়।”
শূন্য গ্যালারিও হতাশ করেছে তামিমকে। ক্রিকেট বোর্ডকে টিকেটের দাম কমানোর অনুরোধ করবেন জানিয়ে তিনি বলেন, “আমি সবাইকে বলতে চাই, মাঠে আসুন, খেলা দেখুন, আমাদের সমর্থন দিন। প্রথম বিপিএলে অনেক দর্শক হয়েছিল, খেলাও ভালো হয়েছিল। দর্শক আসলে খেলা ভালো হয়। দর্শক না এলে তো কোনো লাভ নেই।”
চট্টগ্রাম কিংসের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ হারের জন্য নিজেকেই দোষ দিলেন। তিনি বলেন, “আমার আউটই ম্যাচের টার্নিং পয়েন্ট। কম রানের ম্যাচে উইকেটে থিতু হয়ে যেতে পারলে ম্যাচ শেষ করে আসা উচিৎ। আমি সেটা পারিনি। আমরা বড় কোনো জুটিও গড়তে পারিনি।”
