দ্বিতীয় বিপিএলের উদ্বোধন বৃহস্পতিবার
বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। মিরপুর-শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টা থেকে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি, চ্যানেল নাইন ও আল জাজিরা।
মঙ্গলবার বিপিএল গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক জানিয়েছিলেন, “প্রস্তুতির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। গতকালই (সোমবার) উদ্বোধনী অনুষ্ঠানের সব কিছু চূড়ান্ত হয়েছে। সব কিছু নিশ্চিত হতে অনেক দেরি হয়েছে। তাই প্রস্তুতিও শুরু হয়েছে দেরিতে।”
অথচ বুধবার তার কণ্ঠে অন্য সুর। তিনি বলেন, “আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে।”
তবে তিনি এ কথা বলার সময়ও গভার্নিং কাউন্সিলের প্রায় সবাই উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে পাকিস্তানের ক্রিকেটারদের বিকল্প খুঁজে বের করা নিয়ে ব্যস্ত ছিলেন বেশি।
উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তিও কমে গেছে। প্রথমে ছয় ঘন্টা দীর্ঘ অনুষ্ঠানের পরিকল্পনা করা হলেও দুই ঘন্টা কমিয়ে চার ঘন্টায় নামিয়ে আনা হয়েছে।
সাড়ে চারটায় গেট খুলে দেয়ার পর শুরু হবে ‘প্রি শো’। চলবে ৬টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করবেন ভারতের শিনা চৌহান ও জামিল আহমেদ। শুরুতে গান গাইবেন মমতাজ।
সোয়া ছয়টায় আসবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। সাড়ে ছয়টায় দ্বিতীয় বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি। এরপর শুরু হবে আতশবাজি।
আই এইচ মল্লিক বলেন, “প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তি কমিয়ে আনা হয়েছে। চীনের অ্যাক্রোবেটদের শারীরিক কসরত বাদ দেয়া হয়েছে। আরো দুয়েকটা জায়গায় কাঁট-ছাট হয়েছে।”
রাষ্ট্রপতির উদ্বোধন ঘোষণার পর গান গাইবেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও জেমস। থাকবেন ভারতের গায়িকা সুনিধি চৌহান, গায়ক আতিফ আসলাম ও নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ।
সব শেষে আতশবাজি দিয়ে সমাপ্তি টানা হবে উদ্বোধনী অনুষ্ঠানের।
