বিপাকে খুলনা রয়েল বেঙ্গলস-রংপুর রাইডার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে পাকিস্তানের ক্রিকেটারদের অনুপস্থিতি সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে খুলনা রয়েল বেঙ্গলস ও নবাগত রংপুর রাইডার্সকে। বিকল্প ক্রিকেটার না পেলে একাদশ গড়াই কঠিন হয়ে পড়বে এই দুই দলের জন্য।
পাকিস্তানের শারজিল খান, আনোয়ার আলী, জোহাইব খান ও রাজা আলী দারসহ পনের জনকে নিয়ে দল সাজিয়েছিল রংপুর রাইডার্স। কিন্তু পাকিস্তানের চার ক্রিকেটারের অনুপস্থিতি এবং চোটের কারণে জুনায়েদ সিদ্দিকের অন্তত এক সপ্তাহের বিশ্রাম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে তাদের।
রংপুর রাইডার্সের সহকারী কোচ শেখ মাসুদ ইকবাল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাকিস্তানের ক্রিকেটাররা না আসায় আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত। এই মুহূর্তে আমাদের হাতে মাত্র দশ জন ক্রিকেটার আছে।”
“আমরা তাই বিকল্প ক্রিকেটার খুঁজছি। শনিবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। তার আগে বিপিএল গভার্নিং কাউন্সিল বাংলাদেশের অন্তত দুজন ক্রিকেটার নেয়ার কথা আমাদের বলেছে,” যোগ করেন তিনি।
একই অবস্থা খুলনা রয়েল বেঙ্গলসেরও। পাকিস্তানের শোয়েব মালিক, উমর আকমল, ওয়াইজ জিয়া, উমর আমিন, আহমেদ শেহজাদ, হারিস সোহেল ও বিলওয়াল ভাট্টিসহ ১৮ জনকে দলে নিয়েছিল তারা।
পাকিস্তানিরা তো নেই-ই, ইংল্যান্ডের রিকি ওয়েসেলসও সরে দাঁড়িয়েছেন এরই মধ্যে। তাই রংপুর রাইডার্সের মতো খুলনা রয়েল বেঙ্গলসের হাতেও এখন দশ জন ক্রিকেটার। অথচ শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
খুলনার পরিচালক আশফাকুর রহিম তাই ভীষণ হতাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পাকিস্তানের সাত জন ক্রিকেটার না আসায় অনেক ক্ষতি হয়েছে আমাদের। বিকল্প ক্রিকেটার খুঁজে বের করার চেষ্টা করছি। গভার্নিং কাউন্সিলের কাছে আমাদের প্রথম ম্যাচ পিছিয়ে দেয়ার অনুরোধও করেছি।”
