মুশফিক-মাহমুদুল্লাহই অধিনায়ক ও সহ-অধিনায়ক
ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের নেতৃত্বে থাকছেন এই দুজনই।
অধিনায়ক মুশফিকুর রহিম ও সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ওপরই ভরসা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানিয়েছেন, ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের নেতৃত্বে থাকছেন এই দুজনই।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিসিবির আজকের জরুরি সভায় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকেই অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসাবে নির্বাচন করেছি আমরা।”
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকে নেতৃত্বে আছেন মুশফিক-মাহমুদুল্লাহ।
বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত হওয়ার কথাও জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, “কেন্দ্রীয় চুক্তিতে নতুন এসেছেন সোহাগ গাজী, এনামুল হক বিজয়, মমিনুল হক ও আবুল হাসান। বাদ পড়েছেন ইমরুল কায়েস, নাজমুল হোসেন, নাজিম উদ্দিন ও শুভাগত হোম চৌধুরী।”
গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মোহাম্মদ আশরাফুল ও নাঈম ইসলাম এবারো উপেক্ষিত।
নতুন চুক্তিতে ‘এ’ শ্রেণী থেকে ‘এ+’ শ্রেণীতে উন্নীত হয়েছেন মাহমুদুল্লাহ। আর ‘সি’ শ্রেণী থেকে ‘বি’ শ্রেণীতে উন্নীত হয়েছেন নাসির হোসেন।
‘এ+’ শ্রেণী: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদুল্লাহ রিয়াদ।
‘বি’ শ্রেণী: রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাসির হোসেন।
‘সি’ শ্রেণী: জহুরুল ইসলাম ও ইলিয়াস সানি।
‘রুকি’ শ্রেণী: সোহাগ গাজী, এনামুল হক বিজয়, মমিনুল হক ও আবুল হাসান।
