২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির ব্যাখ্যা দাবি বিসিবি সভাপতির

আইসিসি বোর্ড মিটিংয়ের লিপিবদ্ধ বিষয় আইসিসির সহ-সভাপতি মুস্তফা কামাল চ্যালেঞ্জ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা আইসিসির কাছে এর ব্যাখ্যা চাইব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও আইসিসির সহ-সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, পাকিস্তান সফরের ব্যাপারে কোনো ‘নিঃশর্ত’ অঙ্গীকার করা হয়নি। তার এই বক্তব্য সম্পর্কে আইসিসির ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, “আমি কখনো না দেখে, নিশ্চিত না হয়ে, না জেনে কোনো কথা বলি না। আইসিসি বোর্ড মিটিংয়ের লিপিবদ্ধ বিষয় আইসিসির সহ-সভাপতি চ্যালেঞ্জ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আইসিসিকে শিগগিরই চিঠি দিয়ে আমরা এর ব্যাখ্যা চাইব।”

“গত ১৫ এপ্রিল আইসিসির একটি সভা হয়েছিল। সেখানে পরিষ্কার লেখা ছিল, বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে এবং আইসিসি নিরাপত্তাহীনতার কারণে ম্যাচ কর্মকর্তা না পাঠালেও আমরা এই সফর বাতিল করতে পারব না। অর্থাৎ আমাদের যেতেই হবে। আইসিসির ওই বোর্ড মিটিংয়ে বাংলাদেশ থেকে শুধু মুস্তফা কামাল উপস্থিত ছিলেন,” যোগ করেন তিনি।

বিসিবি সভাপতি আরো বলেন, “আমি বিসিবি সভাপতি হওয়ার পর এখানে এসে দেখেছি, বিসিবি থেকে গত ১২ এপ্রিল প্রথম চিঠি দিয়ে জানানো হয়েছে যে আমরা পাকিস্তানে খেলতে যাচ্ছি। দ্বিতীয় চিঠি দেয়া হয় ১৮ অক্টোবর। ওই চিঠিতে সময়ও (১২ থেকে ২০ ডিসেম্বর) নির্দিষ্ট করে দেয়া হয়। দুটো চিঠিই মুস্তফা কামাল বিসিবি সভাপতি থাকার সময় দেয়া হয়েছিল।”

“আমি বিসিবির বেশ কয়েক জন পরিচালকের কাছে এই দুই চিঠির বিষয়ে জানতে চেয়েছি। প্রত্যেকে বলেছেন, তারা এ ব্যাপারে কিছু জানেন না। আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজন (নিজামউদ্দিন চৌধুরী) পিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করায় সুজন বলেছেন, আগের বোর্ড সভাপতির নির্দেশে তিনি চিঠি দুটো পাঠিয়েছিলেন,” যোগ করেন তিনি।

শনিবার নাজমুল হাসান পরিষ্কারভাবে আবার জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সফরে বাংলাদেশ যাবেই। এ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে বলেছি, মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত বাংলাদেশ দলের কোনো খেলা নেই। ১৯ ফেব্রুয়ারি বিপিএল শেষ হওয়ার পর জাতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে। এরপর জিম্বাবুয়ে সফর।”

“আমি পিসিবি সভাপতিকে বলেছি, আমরা আবার পাকিস্তানে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাবো। উনি বলেছেন, যত দ্রুত সম্ভব নিরাপত্তা দলটি পাঠাতে। আমি তাকে জানিয়েছি, দেশে ফিরে বোর্ড মিটিং করে নিরাপত্তা দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। কাল-পরশুই হয়তো এ ব্যাপারে আলোচনায় বসব আমরা,’’ যোগ করেন তিনি।

বিসিবির গঠনতন্ত্র প্রসঙ্গে দেয়া মুস্তফা কামালের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তাকে চিঠি দেয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন নাজমুল হাসান। তিনি বলেন, “গঠনতন্ত্রের প্রধান তিনটি পরিবর্তনে কোনো ভুল-ভ্রান্তি নেই। এগুলো আমি দেখেছি। বাকি যেগুলো আছে সেগুলোও উনার সময়ে করা। প্রশ্ন হল, কেন ভুল-ভ্রান্তি থাকা সত্ত্বেও উনি জেনে-শুনে গঠনতন্ত্র এনএসসিতে (জাতীয় ক্রীড়া পরিষদ) অনুমোদনের জন্য পাঠালেন।”

“আমরা ঠিক করেছি উনাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানতে চাইব কী কী ভুল ভ্রান্তি আছে। সেই সঙ্গে কেন ভুল-ভ্রান্তি থাকার পরও অনুমোদনের জন্য এনএসসিতে পাঠানো হল তা জানতে চাইব। এর পেছনে কী কোনো উদ্দেশ্য ছিল?,” বিসিবি সভাপতির প্রশ্ন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ জানিয়েছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেয়ার জন্য পাকিস্তানের কোনো ক্রিকেটারকে অনুমতি দেয়া হবে না।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, “দিল্লিতে জাকা আশরাফের সঙ্গে আমার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। সেখানে আমি তাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমরা কেন পাকিস্তান সফরে যেতে পারছি না। তার সঙ্গে কথা বলার সময় মনে হয়েছে, উনি আমাদের সমস্যাটা বুঝতে পেরেছেন।”

“ওই আলোচনার সময় আমার কিন্তু মনে হয়নি যে বিপিএলে পাকিস্তানের ক্রিকেটাররা আসবে না। আমি এখনো বিশ্বাস করি, আমাদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটাররা অবশ্যই বিপিএলে অংশ নেবে। পিসিবি কিন্তু ক্রিকেটারদের অনুমতি না দেয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি,” যোগ করেন তিনি।