২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট সোমবার থেকে

এই প্রতিযোগিতায় অংশ নেবে ১০টি দল। খেলা হবে পাঁচটি ভেন্যুতে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সোমবার থেকে শুরু হচ্ছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট। পাঁচটি ভেন্যুতে ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে এই প্রতিযোগিতায়।

গ্রুপ পর্ব ও সেমিফাইনালে তিন দিনের ম্যাচ হবে। ফাইনাল চার দিনের।

এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে ঢাকা দক্ষিণ, খুলনা, রংপুর, ঢাকা মেট্রো ও চট্টগ্রাম এবং ‘বি’ গ্রুপে ঢাকা উত্তর, রাজশাহী, সিলেট, বরিশাল, বিকেএসপি লড়াই করবে।

১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ পর্বের খেলা হবে। ৮ ফেব্রুয়ারি থেকে দুটি সেমিফাইনাল এবং ১৩ ফেব্রুয়ারি থেকে রাজশাহীতে ফাইনাল।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া উন্নয়ন বিভাগের সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “কয়েক বছর ধরেই অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়স ভিত্তিক ক্রিকেটে তিন দিনের ম্যাচ হচ্ছে। অল্প বয়স থেকেই বড় দৈর্ঘ্যের ক্রিকেটের সঙ্গে ছেলেদের অভ্যস্ত করে তোলার চেষ্টা করছি আমরা।”

বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির সভাপতি খালেদ মাহমুদ সুজন বলেন, “বয়সভিত্তিক ক্রিকেটকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ প্রথম শ্রেণীর ক্রিকেটারদের এখানে যুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জাতীয় নির্বাচক ফাহিম আবেদীন ও জালাল আহমেদ চৌধুরী। এ সময় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন বরগুনা জেলা স্কুলকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। চেক গ্রহণ করেন বরগুনা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও ক্রিকেট দলের অধিনায়ক মৃদৃল দেবনাথ।