হিউজের শতকে অস্ট্রেলিয়ার জয়
অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক ওয়ানডেতে শতক করার কৃতিত্ব এখন ফিল হিউজের। শুক্রবার মেলবোর্নে তার ১১২ রানের সুবাদে শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতে সহজেই ১০৭ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে রোববার, অ্যাডিলেডে।
নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের চোটের কারণে প্রথম বারের মতো ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়া জর্জ বেইলি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
উদ্বোধনী ব্যাটসম্যান হিউজ ছাড়াও বেইলির ৭৯ বলে ৮৯ রানের আক্রমণাত্মক ইনিংস ৩০৫ রানের ভালো সংগ্রহ এনে দেয় স্বাগতিকদের।
জবাবে ১৭ রানে দুই উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কার আশা বাঁচিয়ে রেখেছিলেন তিলকরত্নে দিলশান ও দীনেশ চান্দিমাল। কিন্তু ৫১ রান করে দিলশান রান আউট হয়ে গেলে বিশাল ধাক্কা খায় তারা। চান্দিমাল ৭৩ রান করলেও তা শুধু হারের ব্যবধান কমাতে পেরেছে অতিথিদের।
৩৩ রানে চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার ক্লিন্ট ম্যাকে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩০৫/৫ (ফিঞ্চ ১৬, হিউজ ১১২, উসমান ৩, বেইলি ৮৯, ডেভিড হাসি ৬০*, ম্যাক্সওয়েল ৫, হ্যাডিন ১০; কুলাসেকারা ১/৫৩, মালিঙ্গা ১/৬১, ম্যাথিউস ১/৬১, অজন্তা ১/৬২)
শ্রীলঙ্কা: ৪০ ওভারে ১৯৮ (থারাঙ্গা ১, দিলশান ৫১, জয়াবর্ধনে ৫, চান্দিমাল ৭৩, ম্যাথিউস ১২, থিরিমান্নে ০, জীবন মেন্ডিস ২০, পেরেরা ৪, কুলাসেকারা ১৮, মালিঙ্গা ১*, অজন্তা ০; ম্যাকে ৪/৩৩, জনসন ২/৪৩, স্টার্ক ১/২৫)
ম্যাচ সেরা: ফিল হিউজ।
