২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে যেতেই হবে বাংলাদেশকে: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, পাকিস্তান সফরে না গিয়ে উপায় নেই বাংলাদেশের।

অনীক মিশকাত অনীক মিশকাত

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 06:29 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় অংশ নিয়ে দেশে ফেরার পর বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, “আইসিসি থেকে আমাকে যে কার্যবিধি দেয়া হয়েছে তাতে লেখা আছে, বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে। নিরাপত্তার কারণে আইসিসি ম্যাচ কর্মকর্তা না পাঠালেও বাংলাদেশকে এই সফরে যেতেই হবে।”
বিসিবি সভাপতি আরো বলেন, “বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগেই সফরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। কিন্তু আমি তাকে জানিয়েছি, এখন বাংলাদেশের পক্ষে যাওয়া সম্ভব নয়।”

“আগামী এপ্রিল ও মে মাসে ফাঁকা আছে। সে সময় পাকিস্তানে যাওয়া যেতে পারে। তবে তার আগে কোনো নিরাপত্তা দলের পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে,” যোগ করেন তিনি।

গত ৩১ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভাতেও বিসিবি সভাপতি জানিয়েছিলেন, ‘নিঃশর্ত’ প্রতিশ্রুতির কারণে বাংলাদেশকে পাকিস্তানে যেতেই হবে। আইসিসি ম্যাচ কর্মকর্তা না পাঠালেও যেতে হবে বাংলাদেশকে। এটা আইসিসির কার্যবিধিতেও আছে।

গত বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সাবেক সভাপতি ও আইসিসির সহ-সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, “পাকিস্তান সফরের ব্যাপারে ‘নিঃশর্ত’ কোনো অঙ্গীকার করা হয়নি। উনি (বিসিবি সভাপতি নাজমুল হাসান) হয়তো কার্যবিধি পড়েননি বা কার্যবিধি হয়তো উনার কাছে আসেনি। আমি প্রত্যেক সভায় গেছি, আইসিসির কার্যবিধিতে এমন কোনো কথা লেখা নেই।”

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “পাকিস্তান সফর তো নিঃশর্তই। উনার (মুস্তফা কামাল) সঙ্গে কথা বললে বিষয়টি আরো স্পষ্ট হবে।”


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০২৫ঘ.