২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেহরাব-আইয়ুবের রেকর্ড গড়া জুটি

বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বড় জুটি গড়ার কৃতিত্ব এখন মেহরাব হোসেন জুনিয়র ও মার্শাল আইয়ুবের। বুধবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল-বড় দৈর্ঘ্য) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে অবিচ্ছিন্ন ৪৭২ রানের জুটি গড়েছেন দুজনে। দুজন দ্বি-শতকও করেছেন।

অনীক মিশকাত অনীক মিশকাত

ও জিয়া শাহীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

ওয়ালটন সেন্ট্রাল জোন-ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোন

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৪ উইকেটে ২৩১ রান নিয়ে ব্যাট করতে নেমে মেহরাব-আইয়ুবের দৃঢ়তায় দিন শেষে সেন্ট্রাল জোনের সংগ্রহ ৪ উইকেটে ৫২৮ রান।

৩২৩ বলে ২৭টি চার ও তিনটি ছক্কায় ২৫১ করে অপরাজিত আছেন আইয়ু্ব। ২০৬ রানে অপরাজিত মেহরাবের ৩৫১ বলের ইনিংসে ২৬টি চার ও দুটি ছক্কা।

প্রতিযোগিতায় দুজনেরই এটি দ্বিতীয় শতক।

এর আগে বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বড় জুটি ছিল ৪২০ রানের। ২০০৬-০৭ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে সেই জুটিতেও ছিলেন আইয়ুব।

আর ১৫৩ রান করতে পারলে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বড় জুটির রেকর্ডও ভেঙ্গে দেবেন আইয়ুব ও মেহরাব।

এই রেকর্ড এখন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের অধিকারে, ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বো টেস্টে ৬২৪ রানের জুটি গড়ার সুবাদে।

এমন এক অনন্য অর্জনে আইয়ুব দারুণ খুশি। তিনি বলেন, “বগুড়ার এই মাঠে আমার অনেক কীর্তি আছে। কয়েক দিন আগে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে এখানেই দ্বি-শতক করেছিলাম। দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে রেকর্ড জুটির অংশীদার হতে পেরে খুবই ভালো লাগছে।”


জীবনের প্রথম দ্বি-শতক পেয়ে মেহরাবও উচ্ছ্বসিত। তিনি বলেন, “এত দিন প্রথম শ্রেণীর ক্রিকেটে আমার সর্বোচ্চ রান ছিল ১৯৬। আজ দ্বি-শতক করতে পেরে খুব ভালো লাগছে। শহীদ চান্দু স্টেডিয়ামের সঙ্গে আমার অনেক সুখস্মৃতি জড়িয়ে। এখানেই ওয়ানডেতে আমি প্রথম অর্ধশতক করেছিলাম।”  


বিসিবি নর্থ জোন-প্রাইম ব্যাঙ্ক সাউথ জোন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাঁহাতি স্পিনার সাকলায়েন সজীবের দুর্দান্ত বোলিং লিড এনে দিয়েছে নর্থ জোনকে।

বিনা উইকেটে ৫ রান নিয়ে ব্যাট করতে নামা সাউথ জোন ২০৫ রানে অলআউট হয়ে যাওয়ায় নর্থ জোনের লিড ৮৬ রানের।

সাউথ জোনের পক্ষে সর্বোচ্চ ৫১ রান সৌম্য সরকারের। ২৪ বলে দুটি করে ছক্কা ও চারের সাহায্যে ৪৫ রান করেন সোহাগ গাজী।

৭৪ রানে ৬ উইকেট নেন সজীব।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১২৫ রান করা নর্থ জোন সব মিলিয়ে এগিয়ে ২১১ রানে। অধিনায়ক মুশফিকুর রহিম ৫১ ও নাঈম ইসলাম ২২ রানে অপরাজিত।