ক্রিকেটকে বিদায় জানালেন হ্যারিস
সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার পল হ্যারিস। স্বদেশের এবারের ঘরোয়া মৌসুম শেষে ক্রিকেট জীবনের ইতি টানবেন তিনি।
বিদায়ের ঘোষণা দেয়ার সময় হ্যারিস বলেন, “ক্রিকেট জীবনে যারা আমাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।”
বাংলাদেশ ও পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার দল টাইটান্সের সাবেক কোচ রিচার্ড পাইবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, “আমি বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই কোচ রিচার্ড পাইবাসকে। আমার ওপরে তার যথেষ্ট প্রভাব। আমি জানি, তিনি না থাকলে আমি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারতাম না।”
হ্যারিসের প্রতি বিদায়ী শুভেচ্ছা জানিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক গ্রায়েম স্মিথ টুইটারে লেখেন, “পলের (হ্যারিস) সঙ্গে খেলা ছিল আমাদের জন্য দারুণ সম্মানজনক ঘটনা। আমরা আজ যেখানে আছি তার পেছনে তার অনেক অবদান।” স্মিথের শেষ কথায় দক্ষিণ আফ্রিকার টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষারোহণের দিকে ইঙ্গিত।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৭ টেস্টে ১০৩ উইকেট ও তিন ওয়ানেডেতে তিনটি উইকেট নিয়েছেন হ্যারিস। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২৩ ম্যাচ তার উইকেট সংখ্যা ৩৯৪।
