ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দিকে তাকিয়ে যুবরাজ
পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচের জয় স্বস্তি ফিরিয়ে এনেছে যুবরাজ সিংয়ের মনে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী ভারতের অলরাউন্ডার।
যুবরাজ বলেন, “এখানে তারা (ইংল্যান্ড) ভালো খেলেছে, টেস্ট সিরিজও জিতেছে। আশা করি এবার আমরা ভালো খেলব এবং ওয়ানডে সিরিজ জিতব।”
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে তেমন সুবিধা করে উঠতে পারেননি যুবরাজ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংস এসেছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ব্যাট থেকে। তবে ওয়ানডে সিরিজে ব্যর্থ হন তিনি ।
এ প্রসঙ্গে যুবরাজ বলেন, “টি-টোয়েন্টিতে ভালো খেললেও ওয়ানডেতে ভালো খেলতে পারিনি। রোববার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অবশ্য ভালোই ব্যাট করছিলাম। কিন্তু বড় ইনিংস খেলতে পারিনি। আশা করি ইংল্যান্ডের বিপক্ষে তা পারবো।”
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ১১ জানুয়ারি, রাজকোটে। ১৫, ১৯, ২৩ ও ২৭ জানুয়ারি বাকি চার ম্যাচ হবে কোচি, রাঁচি, মোহালি ও ধর্মশালায়।
