বিপিএলের সর্বনিম্ন টিকেট ২৪৫ টাকা
বিপিএলের দ্বিতীয় আসরে সর্বনিম্ন টিকেটের দাম রাখা হয়েছে ২৪৫ টাকা। পাওয়া যাবে ১৩ জানুয়ারি থেকে।
বিপিএলের দ্বিতীয় আসরে সর্বনিম্ন টিকেটের দাম রাখা হয়েছে ২৪৫ টাকা। পাওয়া যাবে ১৩ জানুয়ারি থেকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগী গেমঅন স্পোর্টস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন গাঙ্গুলী বলেন, “২০ কোটি টাকায় টিকেট স্বস্ত নিয়েছে অ্যাক্টিভ সার্ভিসেস। গত বছর ৪৫ কোটি টাকায় শিহাব ট্রেডিং টিকেট স্বত্ব কিনেছিল।”
অ্যাক্টিভ সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুর রহমান রানা জানান, সাধারণ গ্যালারির দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। তবে এয়ারটেল গ্রাহক ও শিক্ষার্থীরা ৩০ শতাংশ ছাড়ে কিনবেন ২৪৫ টাকায় টিকিট পাবেন।
ভিআইপি গ্যালারি, হসপিটালিটি বক্স, কর্পোরেট বক্স ছাড়া অন্যসব টিকেটের ক্ষেত্রে এয়ারটেল ব্যবহারকারী ও ছাত্ররা ৩০ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন তিনি। একজন প্রতিদিনের সর্বোচ্চ দুটি টিকেট কিনতে পারবেন। পাঁচ বছরের ওপরের শিশুদের জন্য টিকেট লাগবে।
ইস্টার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকেট পাঁচশ টাকা, শহীদ মোশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকেট ২ হাজার টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারির টিকেট ৩ হাজার টাকা, ভিআইপি টিকেট ৫ হাজার টাকা ও কর্পোরেট বক্স টিকেট ৮ হাজার রাখা হয়েছে।
তিনি বলেন, “১৩ জানুয়ারি থেকে এয়ারটেলের আউটলেটগুলোয় টিকেট পাওয়া যাবে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাঙ্কের সঙ্গে কথা চলছে, কালই (বুধবার) তাদের অনুমোদন পাওয়া যাবে আশা করছি।”
এয়ারটেলের আউটলেটে ৩০ শতাংশ, ব্যাংকে ৩০ শতাংশ, অনলাইনে ১০ শতাংশ ও ভেন্যুতে ১০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। বিসিবিকে দেয়া হবে ২০ শতাংশ টিকেট।
অ্যাক্টিভ সার্ভিসেসের সিইও জানান, মাঠে দর্শক আনতে প্রতিদিন ‘ফেস অব দ্য ম্যাচ’, ‘ফ্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার দেয়া হবে। ওয়ালটনের সৌজন্যে গ্রুপ পর্যায়ের প্রতি ম্যাচে লটারি করে টিভি ও ফ্রিজ দেয়া হবে। আর সেমিফাইনাল ও ফাইনালে দেয়া হবে ৬টি মোটরসাইকেল।
বিপিএল গর্ভনিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক বলেন, “দুই দিন ধরে আলোচনার পর গ্যালারির টিকেটের দাম আমরা ৪০ শতাংশ কমিয়েছি। তারপরও আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে টিকেটের দাম একটু বেশিই। তবে গত আসরে টিকেটের দাম কমানোর পরও সর্বনিম্ন দাম ছিল তিনশ টাকা এবার তার চেয়ে কম রাখা হয়েছে।”
