২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট জিতে অস্ট্রেলিয়ার এখন উজ্জীবিত থাকার কথা। কিন্তু বুধবার থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে তেমন স্বস্তিতে নেই স্বাগতিকরা। কারণ দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যের চোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 12:40 PM

হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট জিতে অস্ট্রেলিয়ার এখন উজ্জীবিত থাকার কথা। কিন্তু বুধবার থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে তেমন স্বস্তিতে নেই স্বাগতিকরা। কারণ দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যের চোট।

স্বয়ং অধিনায়ক মাইকেল ক্লার্ককে নিয়ে অস্ট্রেলিয়া দুশ্চিন্তায়। এ বছর টেস্টে একটি ত্রি-শতক ও তিনটি দ্বি-শতকসহ প্রায় দেড় হাজার রান করা ক্লার্কের হোবার্ট টেস্টে পায়ের পেশিতে টান পড়েছিল।

সোমবার অবশ্য তিনি নেটে কিছুক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করেছেন। অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার জানিয়েছেন, ক্লার্কের জন্য বুধবার খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন তারা।

শেষ পর্যন্ত ক্লার্ক না খেললে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন শেন ওয়াটসন। আর ক্লার্কের জায়গায় প্রথম একাদশে আসবেন বাঁহাতি ব্যাটসম্যান উসমান খাজা।

ক্লার্ককে নিয়ে স্বাগতিকরা এখনো আশায় বুক বেঁধে থাকলেও বেন হিলফেনহসকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। চোটের কারণে মেলবোর্নে খেলতে পারবেন না এই পেসার। দুই উদীয়মান পেসার প্যাট কামিন্স ও জেমস প্যাটিনসনের তো অনেক আগেই সিরিজ শেষ হয়ে গেছে।

চোটের সঙ্গে যোগ হয়েছে নির্বাচকদের সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর নীতি। অস্ট্রেলিয়ার বেশ কয়েক জন সাবেক তারকা ক্রিকেটার যে নীতির সমালোচনায় মুখর।

হোবার্ট টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে নাটকীয় জয় এনে দেয়া মিচেল স্টার্ক যে নীতির সর্বশেষ ‘বলি’। মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টে বিশ্রামে থাকতে হচ্ছে তাকে।

অস্ট্রেলিয়ার কোচ ছাড়াও নির্বাচকের দায়িত্ব পালন করা আর্থার অবশ্য স্টার্কের অনুপস্থিতির ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলেন। তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে যে আগামী কয়েক মাস আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে। আর তাই মিচ (স্টার্ক) আমাদের জন্য অপরিহার্য।”

“এটা (মেলবোর্নে টেস্টে না খেলা) তার জন্য মেনে নেয়া হয়তো কঠিন। তবে আশা করি সে মাত্র একটি টেস্টই মিস করবে, আর আমাদেরও আর কোনো চোট সংক্রান্ত দুঃসংবাদ শুনতে হবে না,” যোগ করেন আর্থার।

স্টার্কের অনুপস্থিতিতে অভিষেকেই নতুন বল হাতে নেয়ার সুযোগ পাচ্ছেন ডানহাতি পেসার জ্যাকসন বার্ড। মাত্র ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেললেও এ মৌসুমের শেফিল্ড শিল্ডে (অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর টুর্নামেন্ট) বার্ডই এখন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

নতুন বলে পিটার সিডল আর বার্ড জুটি বাঁধার পর আক্রমণে আসবেন মিচেল জনসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে বাদ পড়া জনসন ফিরছেন এক ম্যাচ পরেই।
অর্থাৎ চোট সমস্যার পরও স্বাগতিকদের পেস আক্রমণ যথেষ্ট শক্তিশালী। কিন্তু শ্রীলঙ্কা এই বিভাগে বেশ দুর্বল। তবে দারুণ ছন্দে থাকা বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের উপস্থিতি অনুপ্রেরণা জোগাচ্ছে অতিথিদের।

এ বছর ৯ টেস্টে ৬০ উইকেট নেয়া হেরাথের ওপরেই নির্ভর করতে পারে ‘বক্সিং ডে’ টেস্টের ফলাফল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বহনযোগ্য পিচে সাধারণত চতুর্থ দিন থেকে স্পিনাররা সহায়তা পান। এবারো তা হলে হেরাথের সৌজন্যে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের আনন্দে মেতে ওঠার সম্ভাবনা শ্রীলঙ্কার।

হেরাথ ছাড়াও আরেক জনের দিকে তাকিয়ে অতিথিরা। আর মাত্র ৪০ রান করলেই একাদশ ক্রিকেটার এবং মাহেলা জয়াবর্ধনের পর দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইল ফলক স্পর্শ করবেন কুমার সাঙ্গাকারা।