২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর লক্ষ্য

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়া। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। টি-টোয়েন্টিতে এর আগে তিন বার দেখা হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। এর মধ্যে দুবারই বাংলাদেশ বিজয়ী। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম লড়াইয়ে মোহাম্মদ আশরাফুল ও আফতাব আহমেদের আক্রমণাত্মক ব্যাটিং জয় এনে দিয়েছিল। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও একমাত্র টি-টোয়েন্টিতে হেরে যায় বাংলাদেশ। গত বছর ঠিক উল্টো ব্যাপার। টেস্ট-ওয়ানডে সিরিজে ব্যর্থ হলেও একমাত্র টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। প্রায় চার বছর পর সেটাই ছিল বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ওয়ানডে সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমরা জয় দিয়ে শেষ করতে চাই। টি-টোয়েন্টিতে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। তাই জিততে পারলে আমাদের জন্য অনেক বড় অর্জন হবে।” “আমরা এখন যেভাবে খেলছি তা ধরে রাখতে পারলে টি-টোয়েন্টিতেও সাফল্য পাওয়া সম্ভব,” যোগ করেন মুশফিক। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামির লক্ষ্য, সোমবার জিতে ওয়ানডে সিরিজ হারের যন্ত্রণার খানিকটা উপশম। তিনি বলেন, “আমরা টেস্ট সিরিজে জিতেছি, ওরা ওয়ানডে। একমাত্র টি-টোয়েন্টি জিতে সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে চাই।” “এ বছর এটাই আমাদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তাই এই ম্যাচ জিতে টি-টোয়েন্টিতে সাফল্য নিয়ে বছরটা শেষ করতে চাই,” যোগ করেন স্যামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০০ঘ.