২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলরের বদলে নিউজিল্যান্ডের অধিনায়ক ম্যাককালাম

আবার নিউজিল্যান্ডের অধিনায়ক পরিবর্তন। রস টেলরের অধিনায়কত্ব কেড়ে নিয়ে দেয়া হয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবার নিউজিল্যান্ডের অধিনায়ক পরিবর্তন। রস টেলরের অধিনায়কত্ব কেড়ে নিয়ে দেয়া হয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে। নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড ‘ক্রিকেট নিউজিল্যান্ড’ (এনজেডসি) জানিয়েছে, টেলরের ওপর থেকে বাড়তি চাপ কমানোই মাত্র এক বছর পর অধিনায়ক পরিবর্তনের প্রধান কারণ । এ প্রসঙ্গে এনজেডসি’র প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, “তিনি (কোচ মাইক হেসন) মনে করছেন, ব্যাটিংয়ে মনঃসংযোগ বাড়াতে এটা (অধিনায়কত্বের পরিবর্তন) রসকে সাহায্য করবে। তার মতো তরুণ অধিনায়কের জন্য চাপটা একটু বেশিই বলে মনে হচ্ছে।” পরিসংখ্যান অবশ্য তা অযৌক্তিক বলছে না। ২০১০ সালের ৩ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডেতে প্রথম বারের মতো নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন টেলর। আর টেস্ট অধিনায়কের দায়িত্ব পান ২০১১’র ১ নভেম্বর। টেলরের অধিনায়কত্বে ১৩টি টেস্ট খেলে ৪টিতে জিতেছে নিউজিল্যান্ড, হেরেছে ৭টি, বাকি দুটো ড্র। ওয়ানডে পরিসংখ্যানও আহামরি কিছু নয়। টেলরের নেতৃত্বে জিম্বাবুয়ে ছাড়া দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। তবে সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টের সিরিজ ড্র করার জন্য অবশ্যই স্বদেশবাসীর ধন্যবাদ প্রাপ্য টেলরের। দল ব্যর্থ হলেও অধিনায়ক হওয়ার পর টেলরের ব্যাটে রানের জোয়ার এসেছে নিয়মিতভাবে। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১৩ টেস্টে ৪৯.৮৫ গড়ে তার ১,০৪৭ রান। অথচ অধিনায়ক হওয়ার আগে ৩০ টেস্টে ৪১.১২ গড়ে ২,২২১ রান করেছিলেন তিনি। ওয়ানডেতেও একই চিত্র। অধিনায়ক হিসেবে ২০ ম্যাচে ৪৬.৭৬ গড়ে টেলরের রান ৭৯৫। আর অধিনায়কত্ব ছাড়া ৯৬ ম্যাচে ৩৫.৭৯ গড়ে ২,৬১৩ রান। ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই হতাশ টেলর। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টেলর বলেন, “নিঃসন্দেহে এই সময়ে এমন খবর ভীষণ কষ্টদায়ক। অধিনায়কত্বের সময়টা আমার জন্য অনেক কঠিন ছিল। আমার মনে হয় না এই মুহূর্তে আমি নিজের শতভাগ দিতে পারব।” ২১ ডিসেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জানুয়ারির ২ ও ১১ তারিখে দুটি টেস্ট এবং ১৯, ২২ ও ২৫ তারিখে হবে তিনটি ওয়ানডে। নিউজিল্যান্ডের টেস্ট দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডিন ব্রাউনলি, ড্যানিয়েল ফ্লিন, জেমস ফ্র্যাঙ্কলিন, পিটার ফুলটন, মার্টিন গাপটিল, ক্রিস মার্টিন, ব্রুস মার্টিন, জিতান প্যাটেল, কেন উইলিয়ামসন, নিল ওয়াগনার, টিম সাউদি ও বিজে ওয়াটলিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২১১৮ঘ.