ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দারুণ এক শতক করে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে প্রায় একাই হারিয়ে দেয়া মারলন স্যামুয়েলস ওয়েস্ট ইন্ডিজের জয়ের কৃতিত্ব দিলেন দলীয় প্রচেষ্টাকে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্যামুয়েলস বলেন, “এটা সম্পূর্ণ দলীয় প্রচেষ্টায় জয়। তরুণ কাইরন পাওয়েলসহ কয়েক জন ভালো খেলেছে। কয়েক জন অবশ্য জয়ের পেছনে তেমন অবদান রাখতে পারেনি। তবু দলীয় প্রচেষ্টার এই জয়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি।”
স্যামুয়েলসের শতক ছাড়াও ক্যারিবীয়দের জয়ে বড় অবদান ৩৭ রানে ৪ উইকেট নেয়া সুনীল নারায়ণের। এই স্পিনারের প্রশংসা করে ম্যাচ সেরা স্যামুয়েলস বলেন, “সুনীল অসাধারণ বোলার। আজকে সে দারুণ বল করেছে।”
অভিজ্ঞতা দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে বলেও মনে করেন স্যামুয়েলস। তিনি বলেন, “অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও শঙ্কিত হইনি। বাংলাদেশ আজো খুব ভালো খেলেছে। কিন্তু অভিজ্ঞতা শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে।”
“উইকেট অনেক মন্থর ছিল, বল ব্যাটে ঠিক মতো আসেনি। রান পেতে হলে এ ধরনের উইকেট অনেক সময় কাটাতে হয়। আজকে আমি তাই করেছি,” যোগ করেন তিনি।
শতরানের পর রুবেল হোসেনের এক ওভারে ২৪ রান নিয়ে দলকে চাপ মুক্ত করেন স্যামুয়েলস। ঐ ওভার প্রসঙ্গে তিনি বলেন, “শতকে পৌঁছানোর পরই মারার সিদ্ধান্ত নিয়েছিলাম। এ সময় যেই বল করতে আসতো তার বলেই মারতাম। রুবেলের দুর্ভাগ্য, তার ওভারে মেরেছি।”
“আমার ইনিংসটি অবশ্য নিখুঁত নয়। দুবার জীবন পেয়েছি। ব্যক্তিগত ১৬ রানে মাহমুদুল্লাহ ও ৯৫ রানে মাশরাফিকে দুটো সুযোগ দিয়েও বেঁচে যাই,” যোগ করেন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার।
গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। স্যামুয়েলস বলেন, “এই ম্যাচের মতো পরের দুটি ম্যাচও ভীষণ গুরুত্বপূর্ণ। সব কিছু ভুলে আপাতত শুক্রবারের চতুর্থ ওয়ানডে নিয়ে ভাবতে চাই আমরা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৪৪ঘ.
bdnews24