২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 04:28 PM

Updated : 25 Apr 2022, 09:57 PM

শেষ মুহূর্তে নানা নাটকীয়তার পর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ নির্বাচনে সমিতির পরিচালকরা হাত তুলে তাকে সমর্থন জানান। ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরামই এ নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঐক্যবদ্ধ এফবিসিসিআই দেখতে চাই, বিভক্ত এফবিসিসিআই চাই না। সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে শিল্প-বাণিজ্য-ব্যবসার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো সনমাধানের চেষ্টা করব। এজন্য আমি সবার সহযোগিতা চাই।

জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ারা হাকিম আলী। তিনিই প্রথম নারী, যিনি এই পদে অধিষ্ঠিত হচ্ছেন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন। তারা দুজনই কাজী আকরাম প্যানেলের।

মনোয়ারা হাকিম আলী চট্টগ্রাম উইমনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিনিধি এবং হেলাল উদ্দিন মেইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন।

আনিসুল হক নেতৃত্বাধীন প্যানেলের আবদুল হক ও গোলাম মোস্তফা তালুকদার সমঝোতার পর তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে মনোয়ারা হাকিম ও হেলাল নির্বাচিত হন।

এফবিসিসিআই নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি নবনির্বাচিত সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতির নাম ঘোষণা করেন।

এ সময় এফবিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, বিদায়ী সভাপতি এ কে আজাদসহ তার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


গত শনিবার এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে ৩০টি পরিচালক পদের মধ্যে ২০টিতে জয় পায় কাজী আকরামের প্যানেল। এর মধ্যে চেম্বার গ্রুপের ১৫টি পদের মধ্যে ১১টি এবং অ্যাসোসিয়েশন গ্রুপের ১৫টির মধ্যে ৯টিতে জয়ী হন এই প্যানেলের প্রার্থীরা।

চেম্বার গ্রুপে প্রতিদ্বন্দ্বী প্যানেল আনিসুল হক সমর্থিত গণতান্ত্রিক পরিষদ থেকে চার পরিচালক নির্বাচিত হন। আর অ্যাসোসিয়েশন গ্রুপে এই প্যানেল থেকে নির্বাচিত হন ৬ জন।

নিয়ম অনুযায়ী নির্বাচিত এই ৩০ জন পরিচালক ও ইতিমধ্যে মনোনীত ১৮ জন পরিচালকই সংগঠনের নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচন করছেন।

তবে সোমবার নির্বাচনের আগে নির্বাচন বোর্ডের সচিব দীর্ঘ সময় ‘নিখোঁজ’ থাকায় শেষ মুহূর্তে তৈরি হয় নাটকীয়তা। অভিযোগ ওঠে, এক পক্ষের প্রার্থীরা মনোনয়নপত্র কিনে নিয়ে যাওয়ার পর বোর্ড সচিবকে ‘সরিয়ে নিয়ে’ যাওয়া হয়। ফলে অন্য পক্ষের প্রার্থীরা ফরম কিনতে এসে খালি হাতে ফেরেন।

অবশ্য পরে তাদের আবেদনে সময় বাড়ানো হলে ফরম কেনেন অন্য পক্ষের দুই প্রার্থী। আর এর পরপরই কার্যালয়ে ফিরে এলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান নির্বাচন বোর্ডের সচিব আফসারুল আরেফিন।

আগের ঘোষণা অনুযায়ী সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এফবিসিসিআইয়ের শীর্ষ তিন পদের মনোনয়ন বিক্রি হওয়ার কথা ছিল। আর এই প্রার্থীদের মধ্য থেকেই বিকাল ৪টায় সংগঠনের শীর্ষ নেতৃত্ব বেছে নেয়ার কথা ছিল নবনির্বাচিত পরিচালকদের।

সে অনুযায়ী সকালে সভাপতি পদের জন্য মনোনয়নপত্র কেনেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ। তার প্যানেল থেকে নির্বাচিত পরিচালক মনোয়ারা হাকিম আলী ও মো. হেলাল উদ্দিন কেনেন সহ সভাপতি পদের ফরম।

কিন্তু এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক নেতৃত্বাধীন প্যানেল থেকে পরিচালক নির্বাচিত আব্দুল হক দুপুরে অভিযোগ করেন, তিনি সহ সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র কিনতে গিয়ে সচিবকে খুঁজে পাননি।
আবদুল হক বলেন, এফবিসিসিআইয়ের অন্য পক্ষের এক নেতা নির্বাচন বোর্ডের সচিব আফসারুল আরেফিনকে সরিয়ে নিয়ে গেছেন বলেও শুনেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন বোর্ডের সদস্য আবু বক্কর সিদ্দিক বেলা দেড়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি শুনেছি আমাদের নির্বাচন বোর্ডের সচিবকে পাওয়া যাচ্ছে না। তার অফিস কক্ষে তালা দেয়া। ফলে নির্বাচনের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র কিনতে পারছেন না।”

এরপর বেলা ৩টায় ফরম বিক্রি বন্ধ করার নির্ধারিত সময়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু সমস্যা হয়েছে, তাই আমরা আগ্রহী প্রার্থীদের আসতে বলেছি। তারা এলে ফরম দেয়া হবে।”

বিকাল পৌনে ৪টায় বোর্ডে এসে আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে মনোনয়নপত্র কেনেন আনিসুল হক নেতৃত্বাধীন প্যানেলের নির্বাচিত পরিচালক আবদুল হক ও গোলাম মোস্তফা তালুকদার।

নির্বাচন বোর্ডের সচিব আফসারুল আরেফিনকেও এর পরপরই নিজের কার্যালয়ে ফিরতে দেখা যায়। কোথায় ছিলেন জানতে চাইলে মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।

প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়ার পর সন্ধ্যা ৬টায় সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচন করতে নির্বাচিত ও মনোনীত ৪৮ জন পরিচালক বৈঠকে বসেন। আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন কাজী আকরাম উদ্দিন আহমদ।

জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি সমঝোতার মাধ্যমে নির্বাচিত হয়।

তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের পক্ষ থেকে পরিচালক হিসেবে মনোনীত।

অন্য প্যানেলের নেতৃত্বে থাকা আনিসুল হক ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের সাবেক সভাপতি ছিলেন। তবে তিনি নিজে এই নির্বাচনে অংশ নেননি।