সাকিবের শতক না পাওয়ার হতাশা
দিনের শেষ ওভারে সাকিব আল হাসানের বিদায়ে বাংলাদেশের খুলনা টেস্ট বাঁচানোর স্বপ্ন বড় একটা ধাক্কা খেয়েছে। সাকিব ও নাসিরের অর্ধশতকের পরও চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ২২৬ রান করেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে স্বাগতিকদের এখনো প্রয়োজন ৩৫ রান।
দিনের শেষ ওভারে সাকিব আল হাসানের বিদায়ে বাংলাদেশের খুলনা টেস্ট বাঁচানোর স্বপ্ন বড় একটা ধাক্কা খেয়েছে। সাকিব ও নাসিরের অর্ধশতকের পরও চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ২২৬ রান করেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে স্বাগতিকদের এখনো প্রয়োজন ৩৫ রান।
ষষ্ঠ উইকেটে সাকিব-নাসিরের ১৪৪ রানের জুটি ৮২ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাওয়া বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়ে ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এই টেস্টের প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৮৭ রানের রেকর্ড গড়া জুটিতেও ছিলেন নাসির।
কিন্তু দিনের শেষ ওভারের প্রথম বলে এগিয়ে এসে মারতে গিয়ে টিনো বেস্টের হাতে ধরা পড়ে সাকিবের (৯৭) বিদায় স্বাগতিকদের হাসি কেড়ে নেয়। প্রথম টেস্টে এগারো রানের জন্য শতক থেকে বঞ্চিত হওয়া সাকিব এবার ফিরলেন শতকের দোরগোড়া থেকে। তার ১১৭ বলের ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা।
প্রথম ইনিংসেও অর্ধশতক তুলে নেয়া নাসির অপরাজিত রয়েছেন ৬৪ রানে। তার ১৩৩ বলেল ইনিংসটি ৮টি চার সমৃদ্ধ।
৯ উইকেটে ৬৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ২৬১ রানের লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩৮৭ রান করে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা ছিল প্রথম ইনিংসের চেয়েও খারাপ। প্রথম ইনিংসে ৯৮ রানে ৫ উইকেট হারানো স্বাগতিকদের পাঁচ ব্যাটসম্যান ফিরে ৮২ রানে।
জুনায়েদ সিদ্দিকের বদলে খুলনা টেস্টে খেলতে নেমে দুই ইনিংসেই ব্যর্থ নাজিম উদ্দিন। এবার মাত্র এক বল খেলেই এডওয়ার্ডসের শিকারে পরিণত হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। দ্বিতীয় উইকেটে শাহরিয়ার নাফীসের (২১) সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন তামিম ইকবাল।
নবম ওভারে টিনো বেস্ট ৪ বলের মধ্যে তামিম ও নাঈম ইসলামকে বোল্ড করে সাজঘরের পথ দেখালে অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। এরপর খাটো লেন্থের বলে নাফীসকেও পরাস্ত করেন বেস্ট। বীরাসামি পারমলের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে অধিনায়ক মুশফিকুর রহিম বোল্ড হয়ে গেলে দলের স্কোর দাঁড়ায় ৮২/৫।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ উইকেটে ৫৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। সে সময় চন্দরপল ১০৯ ও রামদিন ৪ রানে ব্যাট করছিলেন। দিনের প্রথম ঘন্টা নিরাপদেই কাটিয়ে দিয়েছিলেন তারা।
জুটিকে ৭৫ পর্যন্ত নিয়ে যাওয়ার পর আঘাত হানেন সাকিব। ঢাকা টেস্টে শতক করা রামদিনকে (৩১) ১৯৪তম ওভারের দ্বিতীয় বলে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন তিনি। তিন বল পরে রানের খাতা খোলার আগে অধিনায়ক ড্যারেন স্যামিকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে একশ উইকেট নেন সাকিব।
পরের ওভারে তেমন সুবিধা করতে না পারলেও মধ্যাহ্ন-বিরতির আগে শেষ ওভারের শেষ দুই বলে পারমল ও সুনীল নারায়ণকে ফিরিয়ে দিয়ে স্বাগতিক শিবরে স্বস্তি নিয়ে আসেন সাকিব। এই দুই উইকেটের সৌজন্যে সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে (১০০ উইকেট) পেছনে ফেলে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড নিজের করে নেন সাকিব (১০২)।
দিনের প্রথম সেশনে ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে ৮ উইকেটে ৬৩৯ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় অতিথিরা। বিরতির পর হ্যাটট্রিকের অপেক্ষায় থাকা সাকিবকে হতাশ করলেও বেশি দূর এগোয়নি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। সোহাগ গাজী এডওয়ার্ডসকে সাকিবের ক্যাচে পরিণত করলে ৯ উইকেটে ৬৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অতিথিরা।
শেষ পর্যন্ত ১৫০ রানে অপরাজিত ছিলেন চন্দরপল। এনিয়ে পাঁচবার টেস্টে দেড়শ রান করলেন তিনি। চলতি সিরিজে দ্বিতীয়বার। তার ২৮২ বলের ইনিংসটি ১২টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।
১৫১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সাকিব। অফস্পিনার সোহাগ ৩ উইকেট নেন ১৬৭ রানে।
টেস্টে এটাই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান। এর আগে ২০০৭ সালে ঢাকায় স্বাগতিকদের বিপক্ষে ৩ উইকেটে ৬১০ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ২০০৪ সালে কিংস্টনে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে ৫৫৯ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
ঢাকা টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩৮৭ ও ২২৬/৬ (তামিম ২৮, নাজিম ০, নাফীস ২১, নাঈম ২, সাকিব ৯৭, মুশফিক ১০, নাসির ৬৪*, বেস্ট ৩/২৬, পারমল ২/৫১, এডওয়ার্ডস ১/৬৫)
ওয়েস্ট ইন্ডিজ: ৬৪৮/৯ ডি. (গেইল ২৫, পাওয়েল ১৩, ব্রাভো ১২৭, স্যামুয়েলস ২৬০, চন্দরপল ১৫০*, রামদিন ৩১, স্যামি ০, পারমল ১৩, সুনীল ০, এডওয়ার্ডস ২; সাকিব ৪/১৫১, সোহাগ ৩/১৬৭, রুবেল ২/৮৬)
