হেরেই গেল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৭৭ রানে হার মানতে হয়েছে টাইগারদের। সিরিজে সমতা ফেরাতে এখন দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের, যা শুরু হবে ২১ নভেম্বর।
অভিষিক্ত অফস্পিনার সোহাগ গাজীর নৈপুণ্যে ঢাকা টেস্ট জেতার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য তাড়া নেমে টিনো বেস্ট ও বীরাসামি পারমলের মারাত্মক বোলিংয়ে করতে নেমে ১৬৭ রানে অলআউট হয়ে টেস্টের যুগপূর্তিকে স্মরণীয় করে রাখার সুযোগ হারিয়েছে তারা। প্রথম টেস্ট ৭৭ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অতিথিরা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২১ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট।
জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানে তামিম ইকবালের বিদায়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মধ্যাহ্ন-বিরতির ঠিক আগের ওভারে দীনেশ রামদিনকে ক্যাচ দিয়ে জুনায়েদের বিদায় অতিথিদের উজ্জীবিত করে তুলে।
মধ্যাহ্ন-বিরতির পর শাহরিয়ার নাফীস (২৬) সাকিব আল হাসানকে (২) ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চালকের আসনে নিয়ে আসেন বেস্ট।
পঞ্চম উইকেটে নাঈম ইসলামের সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিমের ৩০ রানের জুটি স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে। মুশফিককে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ঐ জুটিও ভাঙ্গেন বেস্ট।
বেস্ট যেখানে শেষ করেছিলেন সেখান থেকে যেন শুরু করেন পারমল। দলীয় ১০৬ রানে নাঈমকে ফিরিয়ে দিয়ে উইকেট শিকার শুরু করেন তিনি। এরপর নাসির হোসেনকে (২১) বোল্ড ও সোহাগ গাজীকে (১৯) বদলী ফিল্ডার আসাদ ফুদাদিনের ক্যাচে পরিণত করে স্বাগতিকদের বড় একটা ধাক্কা দেন তিনি।
এরপর আর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশ। রবি রামপল শাহাদাতকে ফেরানোর পর মাহমুদুল্লাহকে বোল্ড করে ক্যারিয়ারে প্রথমবারের ৫ উইকেট নেন বেস্ট। ২৪ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।
টেস্টের প্রথম ৩ দিন বোলাররা ১০ উইকেটের বেশি নিতে না পারলেও শেষ দুই দিনে তারা নিয়েছেন ৩০ উইকেট। ড্র করার জন্য শেষ দিন বাংলাদেশকে ব্যাট করতে হত ৭৮ ওভার। কিন্তু ৫৪ ওভার ৩ বলের বেশি ব্যাট করতে পারেনি স্বাগতিকরা।
বাংলাদেশের সর্বোচ্চ ২৯ রান এসেছে মাহমুদুল্লাহর ব্যাট থেকে। সর্বোচ্চ ৩৬ রানের জুটি গড়ে উঠে মাহমুদুল্লাহ ও সোহাগের মধ্যে।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ২৪৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। অভিষিক্ত অফস্পিনার সোহাগ গাজীর ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ১০ ওভারেরও কম সময়ে ২৯ রান যোগ শেষ ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
দিনের দ্বিতীয় ওভারে ড্যারেন স্যামিকে (১৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সোহাগ। ৭৩তম ওভারে পরপর দুই বলে রবি রামপল (৫) ও টিনো বেস্টকে (০) বোল্ড করে সাজঘরে ফেরত পাঠিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেন তিনি।
অসুস্থতার কারণে এগারো নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দ্বিতীয় শতক করা শিবনারায়ণ চন্দরপল তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেন। পরের ওভারে আর পারেন নি ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সোহাগের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে তার বিদায়ে ২৭৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
এক পর্যায়ে ১ উইকেটে ২০৯ রানের শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল অতিথিরা। সেখান থেকে ৬৪ রানে শেষ ৯ উইকেট হারিয়েছে তারা।
৭৪ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সোহাগ। অভিষেকে ইনিংসে ৬ উইকেট নেয়া চতুর্থ বাংলাদেশী ক্রিকেটার তিনি। এই কৃতিত্ব রয়েছে মঞ্জুরুল ইসলাম, ইলিয়াস সানি ও নাঈমুর রহমান দুর্জয়ের।
প্রথম ইনিংসে ১৪৫ রানে ৩ উইকেট পাওয়ার সৌজন্যে ম্যাচে এ নিয়ে ২১৯ রানে ৯ উইকেট নিলেন সোহাগ। অভিষেকে বাংলাদেশের পক্ষে এটাই সেরা বোলিং। এর আগে ২০০৯ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১০ রানে ৮ উইকেট নেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এর আগে ৪ উইকেটে ৫২৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৫৬ রান করে ২৯ রানের লিড নেয়া বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৫২৭/৪ডি. ও ২৭৩ (গেইল ১৯, পাওয়েল ১১০, ব্রাভো ৭৬, স্যামুয়েলস ১, রামদিন ৫, স্যামি ১৫, পারমল ১০, সুনীল ২২*, রামপল ৫, বেস্ট ০, চন্দরপল ১; সোহাগ ৬/৭৪, রুবেল ২/৫৩, সাকিব ২/৫৬)
বাংলাদেশ: ৫৫৬ ও ১৬৭ (তামিম ৫, জুনায়েদ ২০, নাফীস ২৩, নাঈম ২৬, সাকিব ২, মুশফিক ১৬, নাসির ২১, মাহমুদুল্লাহ ২৯, সোহাগ ১৯, শাহাদাত ৪, রুবেল ০*; বেস্ট ৫/২৪, ৩/৩২, রামপল ২/৩২)
ম্যাচ সেরা: কাইরন পাওয়েল
