২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালের দিকে তাকিয়ে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জিতেছে অনেক লড়াই করে। তবে ঐ জয়ই সেমিফাইনালের স্বপ্ন দেখাচ্ছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। শনিবার পাল্লেকেলেতে মুখোমুখি হতে যাওয়া দুই দলেরই লক্ষ্য শেষ চারে উত্তরণ নিশ্চিত করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জিতেছে অনেক লড়াই করে। তবে ঐ জয়ই সেমিফাইনালের স্বপ্ন দেখাচ্ছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। শনিবার পাল্লেকেলেতে মুখোমুখি হতে যাওয়া দুই দলেরই লক্ষ্য শেষ চারে উত্তরণ নিশ্চিত করা। নিউজিল্যান্ডকে সুপার ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে হারিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, “এ ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও নাটকীয় ম্যাচে একটি দলকে নেতৃত্ব দেয়ার সময় বোর্ডে পয়েন্ট থাকা ভীষণ জরুরি। আমরা নিশ্চিত, ঐ ম্যাচের অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো।” ১৯৯৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও এরপর আর কোনো বড় টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি শ্রীলঙ্কা। তবে ২০০৭ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ তারা। বৃহস্পতিবার গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে দেয়া ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামির মনেও আত্মবিশ্বাসের অভাব নেই। তিনি বলেন, “দেশ ছাড়ার সময় ভক্তদের শিরোপা উপহার দেয়ার সংকল্প ছিল আমাদের মনে। আমাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ ট্রফি জয় ২০০৪ সালে, ইংল্যান্ডে। তবে এবারও শিরোপা জয়ের ভালো সুযোগ আছে আমাদের সামনে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৯ঘ.