ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইমরুল কায়েস ও নাঈম ইসলাম অর্ধশতক করলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দল ১১ রানে জিতেছে। রোববার দ্বিতীয় ওয়ানডে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে ২২৫ রানে অলআউট হয়ে যায় হাই পারফরম্যান্স দল। জবাবে ৪৮ ওভার ৫ বলে ২১৪ রানে থেমে যায় ‘এ’ দলের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে যায় স্বাগতিকরা। উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হক ১২ রান করলেও তিন ও চার নম্বরে নামা শাহরিয়ার নাফীস ও রকিবুল হাসান বিদায় নেন শূন্য হাতে।
চতুর্থ উইকেটে শামসুর রহমান শুভর (৩৮) সঙ্গে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুলের ৮৯ রানের জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো ‘এ’ দলকে। কিন্তু দলীয় ১২১ রানে শুভ এবং ৬ রান যোগ হওয়ার পর ইমরুলের আউট আবার বিপদে ফেলে দেয় তাদের।
৮৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬১ রান করা ইমরুলের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে নাঈমকে। ৫২ রান করে তিনি রান আউট হওয়ার পর মার্শাল আইয়ুবের (১৮) ও শেষ ব্যাটসম্যান নাজমুল অপুর (অপরাজিত ১৫) প্রাণপণ চেষ্টাও জয় এনে দিতে পারেনি ‘এ’ দলকে।
২৯ রানে ৪ উইকেট নিয়ে পারমাউল বীরাসামি ক্যারিবীয়দের সেরা বোলার।
এর আগে কাইল হোপের ৪৪ ও জার্মেইন ব্ল্যাকউডের ৩০ রানের পরও ১৩৬ রানে ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দল। তবে অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েইটের ৭৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় গড়া ৬৪ রান সোয়া দু শ’ রানে পৌঁছে দেয় অতিথিদের।
২১ রানে ৪ উইকেট নেন মার্শাল আইয়ুব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৩ঘ.
bdnews24