ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে সুপার ওভারে নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। জয়ের জন্য সুপার ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৪ রান, লাসিথ মালিঙ্গার করা সেই ওভারে ৬ রানের বেশি করতে পারেনি রস টেলরের দল।
এর আগে জয়ের জন্য শেষ বলে ১ রান প্রয়োজন ছিলো শ্রীলঙ্কার। আগের বলে চার মেরে শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন উজ্জ্বল করে তোলা লাহিরু থিরিমান্নে রান আউট হয়ে গেলে খেলা গড়ায় সুপার ওভারে।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৬ উইকেটে ১৭৪ রান করে শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের (২৬ বলে ৪৪) সঙ্গে তিলকারতেœ দিলশানের ৮০ রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেয়। তিন নম্বরে নামা কুমার সাঙ্গাকারা রান আউট হয়ে বিদায় নেয়ার আগে ১৪ বলে ২১ রান করলেও শ্রীলঙ্কাকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন দিলশান।
উনিশতম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৬১ রানে বিদায় নেয়ার আগে দিলশান করেন ৭৬ রান। তার ৫৩ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা। দিলশানের বিদায়ের পর পেরে উঠেনি স্বাগতিকরা।
এর আগে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের (৩৮) সঙ্গে রব নিকোলের ৫৭ রানের উদ্বেধনী জুটি নিউজিল্যান্ডকে ভালো সূচনা এনে দেয়। ব্রেন্ডন ম্যাককালাম (২৫) ও রস টেলর (২৩) দুটি আক্রমণাত্মক ইনিংস খেললেও নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন রব নিকোল।
দলীয় ১৩৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে নিকোল করেন ৫৮ রান। তার ৪০ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে নিউজিল্যান্ডের সংগ্রহ বেশি বড় হয়নি।
শ্রীলঙ্কার পক্ষে নুয়ান কুলাসেকারা ও অভিষিক্ত আকিলা দনাঞ্জয়া দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০০২ ঘ.
bdnews24