২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিদায়, পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবারের একমাত্র খেলায় পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবারের একমাত্র খেলায় পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড ও বাংলাদেশকে হারিয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অষ্টম দল হিসেবে সুপার এইটে পাকিস্তান। আগেই সুপার এইট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। পাল্লেকেলে অন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান। জবাবে ১৮ ওভার ৪ বলে ২ উইকেটে লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান। টি-টোয়েন্টিতে এটাই পাকিস্তানের সর্বোচ্চ রান লক্ষ্য তাড়া করে জয়। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। গত জুলাইয়ে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ১৯০ রান করে মুশফিকুর রহিমের দল। লক্ষ্য তাড়া করতে নেমে শফিউল ইসলামের করা দ্বিতীয় ওভারের প্রথম বলে আবুল হাসানেকে সহজ ক্যাচ দেন ইমরান নাজির। সে সময়ে ১ রানে ব্যাট করা নাজির জীবন পেয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। ১৪তম ওভারে বল করতে এসে হাসান দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাজির ও মোহাম্মদ হাফিজকে (৪৭ বলে ৪৫) ফিরিয়ে দিলেও ততক্ষণে ম্যাচ পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রনে। ১২৪ রানের উদ্বোধনী জুটিতে নাজিরের অবদান ৭২ রান। ৩৬ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। তৃতীয় উইকেটে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাকি কাজটুকু সহজেই সারেন নাসির জামশেদ (১৪ বলে অপরাজিত ২৯) ও কামরান আকমল (১৫ বলে অপরাজিত ২২)। ৩৩ রানে ২ উইকেট নিয়ে হাসানই বাংলাদেশের সেরা বোলার। এর আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের (১৪) সঙ্গে তামিম ইকবালের ৩৪ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে ২ ওভার ৩ বলে তামিমের (১২ বলে ২৪) সঙ্গে সাকিব আল হাসানের ২৭ রানের জুটি বড় কিছু স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে। দলীয় ৬১ রানে তামিম রান-আউট হয়ে গেলে আরো আক্রমণাত্মক হয়ে উঠেন সাকিব। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের (২৬ বলে ২৫) সঙ্গে ৫৮ ও পঞ্চম উইকেটে নাসির হোসেনের (১৬) সঙ্গে ৩৭ রানের দুটি কার্যকর জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন তিনি। শেষ ওভারের তৃতীয় বলে দলীয় ১৭০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৮৪ রান করেন টেস্ট ও ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা সাকিব। তার ৫৪ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। নেদারল্যান্ডসের বিপক্ষে তামিম ইকবালের অপরাজিত ৬৯ ছিলো সর্বোচ্চ। ২৫ রানে ৩ উইকেট নিয়ে ইয়াসির আরাফাত পাকিস্তানের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩১২ ঘ.