ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রেন্ডন ম্যাককালামের অসাধারণ ব্যাটিংয়েই ‘ডি’ গ্র“পের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
ম্যাচ শেষে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “ম্যাককালাম টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা ব্যাটসম্যান। ওর মতো কেউ যখন এমন ইনিংস খেলে তখন বোলার আর ফিল্ডারদের জন্য কাজ অনেক বেশি কঠিন হয়ে।”
“আমরাও পরিকল্পনা অনুযায়ী বোলিং-ফিল্ডিং করতে পারিনি। ওদের ১৬০/১৭০ এর মধ্যে আটকাতে পারলেও আমাদের একটা সুযোগ ছিলো,” যোগ করেন বিমর্ষ অধিনায়ক।
কাইল মিলসের মারাত্মক বোলিংয়ে ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের জন্য আরো কঠিন হয়ে পড়ে বলে মনে করেন মুশফিক।
এই ম্যাচকে সামনে রেখে গত তিন-চার মাস ধরে কেবল টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। এতো প্রস্তুতি নেয়ার পরও এমন কেন হল জানতে চাইলে মুশফিক বলেন, “এই ফরম্যাটে যে কোনো কিছুই হতে পারে।”
“গত কালই (বৃহস্পতিবার) বলেছিলাম ম্যাচ উইনার দুই দলেই আছে। তবে প্রতিপক্ষের কেউ যখন এমন খেলে তখন আমাদের জন্য সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসা ভীষণ কঠিন হয়ে যায়।”
বাজে ফিল্ডিংয়ের ব্যাখ্যায় মুশফিক বলেন, “আমাদের উপর বেশি ‘ফোকাস’ অনেক বেশি ছিল। এই ফরম্যাটে কোনো দলই ছোট বা বড় নয়। দুটি ম্যাচই আমাদের জন্য অনেক বড়। ডি গ্র“প তিন দলের মধ্যে আমরাই একটু দুর্বল। সে দিক থেকে আমাদের উপর চাপ অনেক বেশি ছিল।”
পাল্লেকেলেতে পরে ব্যাট করে কেউ জেতেনি। টস জিতে তাহলে কেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানতে চাইলে অধিনায়ক বলেন, “ওদের কম রানে বেধে ফেলার লক্ষ্য ছিলো আমাদের, তাহলে আমাদের সুযোগ থাকতো। সিদ্ধান্ত ভুল ছিল না, কিন্তু আমরা নিজেদের খেলা খেলতে পারিনি। তিন বিভাগেই খারাপ করেছি আমরা।”
“১৯২ রানের লক্ষ্য তাড়া করতে গেলে স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকি নিতে হয়। আমরা তাই করতে চেয়েছি, হিসাব করে খেলা সম্ভব হয়নি। তাই দ্রুত উইকেটে হারিয়েছি,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১১৬ ঘ.
bdnews24