অনীক মিশকাত
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রধান লক্ষ্য সুপার এইটে উত্তরণ। লক্ষ্যপূরণে প্রথম বাধা নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই শুক্রবার, পাল্লেকেলেতে। বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম এই লড়াইয়ে জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী।
বৃহস্পতিবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিউজিল্যান্ডের প্রধান শক্তি পেস আক্রমণ। তাই আমরা পেস বলেই বেশি অনুশীলন করেছি। এই ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।”
“জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটি বিভাগেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারলে আমাদের পক্ষে জয় পাওয়া অসম্ভব হবে না,” যোগ করেন বাংলাদেশের অধিনায়ক।
মুশফিকের ধারণা, ১৬০/১৬৫ রানই লড়াইয়ের জন্য যথেষ্ট। নিউজিল্যান্ড আগে ব্যাট করলে এর চেয়ে কম রানে তাদের আটকে রাখার লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি।
গত মাসে বাংলাদেশের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল পাল্লেকেলেতে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার সুযোগ পেয়েছিলেন। মুশফিক মনে করেন তাদের সেই অভিজ্ঞতা শুক্রবার ভালোই কাজে লাগবে।
তিনি বলেন, “মাহমুদুল্লাহ ও তামিম এখানে খেলেছে বলে উইকেট সম্পর্কে তাদের ভালো ধারণা থাকার কথা। উইকেট থেকে পেসাররাই বেশি সহায়তা পাবে বলে মনে হচ্ছে। শ্রীলঙ্কার উইকেট এখন অনেকটাই পাল্টে গেছে। এগুলো আর আগের মতো ধীর ও নিচু নয়, বরং বেশ বাউন্সি।”
২০১০ সালের অক্টোবরে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারানোর সুখস্মৃতি এখনো বাংলাদেশের ক্রিকেটারদের মনে উজ্জ্বল। সেই সাফল্য শুক্রবার মানসিকভাবে বাংলাদেশকে এগিয়ে রাখবে কিনা জানতে চাইলে মুশফিক বলেন, “অনুপ্রেরণা তো অবশ্যই, তবে ব্যাপারটাকে আমরা এভাবে দেখছি না। ঐ সিরিজ হয়েছিল প্রায় দু বছর আগে আর সেটা ছিলো ওয়ানডে সিরিজ। এবার আমরা খেলবো টি-টোয়েন্টি।”
“দুয়েকটা পরিবর্তন ছাড়া আমাদের ঐ দলটি প্রায় অবিকৃত। এই দুই বছরে আমরা আরো পরিণত হয়েছি। তবে নিউজিল্যান্ড দলে অনেক পরিবর্তন এসেছে। তাছাড়া অভিজ্ঞতায়ও ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। কয়েক দিন আগে ভারতকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টিতে হারিয়ে ওদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত,” যোগ করেন বাংলাদেশের অধিনায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪৩ঘ.
bdnews24