ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ‘সি’ গ্র“পের এই ম্যাচে হারলেই জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
মঙ্গলবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৮২ রানে হার মেনেছে জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকার জন্যও ম্যাচটির অসীম গুরুত্ব। ২২ বছরের নির্বাসন কাটিয়ে ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপ জিতেছিলো তারা। তবে এখনো পর্যন্ত সেটাই দক্ষিণ আফ্রিকানদের একমাত্র গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জয়।
এবি ডি ভিলিয়ার্সের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ বেশ ভালো। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের উপস্থিতি তাদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে। ডেল স্টেইন, মর্নে মরকেলের পেস আর ইয়োহান বোথা, রবিন পিটারসেনের স্পিন প্রতিপক্ষের জন্য যথেষ্ট ভীতিজাগানিয়া।
দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। এখন শুরুটা ভালোভাবে করতে চাই।”
অন্যদিকে শ্রীলঙ্কার কাছে বিশাল ব্যবধানে হেরে যাওয়ার হতাশায় আক্রান্ত জিম্বাবুয়ের কোচ অ্যালান বুচার। তিনি বলেন, “টুর্নামেন্টে টিকে থাকতে হলে এটাই আমাদের শেষ সুযোগ। তবে সেজন্য শ্রীলঙ্কা ম্যাচের চেয়ে অনেক বেশি ভালো খেলতে হবে।”
“দক্ষিণ আফ্রিকা খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমাদের ইতিবাচক থাকতে হবে,” যোগ করেন জিম্বাবুয়ের কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৪ঘ.
bdnews24