২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইবাসের ভাবনায় শুধুই নিউজিল্যান্ড

বাংলাদেশের কোচ রিচার্ড পাইবাসের মন-প্রাণ জুড়ে এখন শুক্রবারের লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যেকের সেরাটা বের করে আনতে তিনি মরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কোচ রিচার্ড পাইবাসের মন-প্রাণ জুড়ে এখন শুক্রবারের লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যেকের সেরাটা বের করে আনতে তিনি মরিয়া। বুধবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে পাইবাস বলেন, “বিশ্বকাপের প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচটির জন্য আমরা সাগ্রহে অপেক্ষা করছি।” “আমাদের প্রস্তুতি খারাপ হয়নি। আমি নিজের মতো করে পরিকল্পনা করেছি। আপাতত এ ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়,” যোগ করেন বাংলাদেশের কোচ। নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ‘ডি’ গ্র“পকে মৃত্যুকূপ বললেও পাইবাস তা মানতে নারাজ। তিনি বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে সব দলেরই জয়ের সমান সুযোগ থাকে। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলে তারাই জয় পায়। গ্র“পকে বিশেষণ দিয়ে কোনো লাভ নেই।” বাংলাদেশের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র স্পিনারদের ওপরে তার অগাধ আস্থা। তবে দুই পেসার মাশরাফি বিন মুর্তজা ও শফিউল ইসলামের গুরুত্বকে খাটো করে দেখছেন না পাইবাস। তিনি বলেন, “আমাদের স্পিন আক্রমণ বিশ্বমানের। তবে পেস বোলাররাও সমান কার্যকর। মাশরাফি, শফিউলদের ওপরে ভরসা করাই যায়।” ইদানীং নিউজিল্যান্ডের পারফরম্যান্স তেমন ভালো নয়। তবে ভারত সফরে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে (প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত) আত্মবিশ্বাস নিয়েই শ্রীলঙ্কার মাটিতে পা রেখেছে তারা। পাইবাস অবশ্য গ্র“পের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে চিন্তিত নন। তার ভাবনা জুড়ে শুধুই মুশফিক-তামিম-সাকিব-মাশরাফিদের পারফরম্যান্স। তিনি বলেন, “আমার কোচিংয়ে এটাই বাংলাদেশের প্রথম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। একটি দলে নতুন কোচ এলে অনেক কিছুরই পরিবর্তন হতে পারে। তবে আমি কোচ হয়ে আসার পর ছেলেদের খেলার ধরনে খুব বেশি পরিবর্তন করিনি। তাদের নিজস্ব খেলাটাই ধরে রাখতে বলেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১০ঘ.