ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্র“প পর্বে অংশ নিতে ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশের সেরা পেসার মাশরাফি বিন মুতর্জা জানিয়েছেন, বিশ্বকাপের জন্য ভালোই প্রস্তুতি নিয়েছেন তারা।
‘ডি’ গ্র“পে বাংলাদেশের সঙ্গী নিউজিল্যান্ডও পৌঁছে গেছে ক্যান্ডিতে। ২১ সেপ্টেম্বর পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।
সোমবার আয়ারল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে ক্যান্ডির পথে রওনা দেয় বাংলাদেশ। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আগেই জানিয়েছিলেন, ক্যান্ডিতে পৌঁছানোর পর মঙ্গলবার বিশ্রাম নিয়েই কাটবে ক্রিকেটারদের। মুশফিক-সাকিব-তামিমরা অবশ্য শুধু বিশ্রাম নয়, কেনা-কাটা করেও দিনটা পার করেছেন।
এই বিশ্রামটা ভীষণ দরকার ছিলো বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, “বিশ্রামটা খুবই দরকার ছিল। কোচ আগেই জানিয়েছেন, কাল (বুধবার) কঠিন অনুশীলন হবে। নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সেটাই হবে সবচেয়ে বড় অনুশীলন।”
“আমরা প্রয়োজন অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। ম্যাচের আগে অনুশীলনের জন্য আরো দুদিন সময় আছে আমাদের হাতে। এই সময়টা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো,” যোগ করেন মাশরাফি।
বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের চেয়ে শক্তিশালী দলের মুখোমুখি হতে পারলে প্রস্তুতিটা আরো ভালো হতো বলে মনে করেন মাশরাফি। তবে এখন এ নিয়ে দলের মধ্যে কোনো হা-হুতাশ নেই। তিনি বলেন, “এখন মাঠে পারফর্ম করার সময়। আমরা এমন দল, যে দিন আমাদের বেশির ভাগ ক্রিকেটার ভাল খেলে সেদিন জিতেই মাঠ ছাড়ি।”
দুই গ্র“পসঙ্গী পাকিস্তান বা নিউজিল্যান্ডের পুরো দলের শক্তি-দুর্বলতা নিয়ে না ভেবে প্রত্যেক খেলোয়াড়কে নিয়ে আলাদাভাবে বিশ্লেষণ করা বেশি জরুরি বলে মনে করেন মাশরাফি।
বাংলাদেশ দলের সবাই সুস্থ থাকলেও নিউজিল্যান্ডকে পেসার টিম সাউদি ও রব নিকোলের অসুস্থতা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। চিকিৎসার জন্য দুজনের কেউই দলের সঙ্গে ক্যান্ডি যেতে পারেননি।
তবে পেটের পীড়ায় ভুগলেও দলের সঙ্গেই ক্যান্ডি পৌঁছেছেন নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৪ঘ.
bdnews24