ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে দলে উপেক্ষিত বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অথচ টেস্ট-ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন তিনি।
শুক্রবার আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন এক বিশেষ অনুষ্ঠানে বর্ষসেরা দল ঘোষণা করেন। শনিবার আইসিসি বর্ষসেরা অনুষ্ঠান হবে কলম্বোতে।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব সুযোগ না পেলেও চার নম্বরে থাকা শহীদ আফ্রিদিকে রাখা হয়েছে বর্ষসেরা ওয়ানডে দলে। এই র্যাংকিংয়ে তৃতীয় স্থানে থাকা শেন ওয়াটসন আছেন দ্বাদশ ব্যক্তি হিসেবে।
আরও একবার আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। এ নিয়ে টানা পাঁচ বছর এই দলে জায়গা পেলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। গতবারের মতো এবারও অধিনায়কত্বের পাশাপাশি উইকেট রক্ষণের দায়িত্ব ধোনির ওপরে।
গত বছরও এই দলে ছিলেন কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা ও শেন ওয়াটসন। আর প্রথম বারের মতো এই দলে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি, সাঈদ আজমল ও স্টিভেন ফিন।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি-অধিনায়ক ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিশেষ কমিটি এই দল নির্বাচন করেছে।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল: গৌতম গম্ভীর, অ্যালিস্টার কুক, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), মাইকেল ক্লার্ক, শহীদ আফ্রিদি, মর্নে মরকেল, স্টিভেন ফিন, লাসিথ মালিঙ্গা ও সাঈদ আজমল।
দ্বাদশ ব্যক্তি: শেন ওয়াটসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৩১ঘ.
bdnews24