ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সাঈদ আজমলের না থাকা ক্ষোভের আগুন ছড়িয়ে দিয়েছে পাকিস্তান জুড়ে। ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসি বর্ষসেরা অনুষ্ঠান বয়কটের হুমকি পর্যন্ত দিয়েছিলো। তবে কলম্বোতে শনিবারের অনুষ্ঠানটা বয়কট না করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
শুক্রবার পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, “পুরস্কারের তালিকায় আজমলের না থাকার বিরুদ্ধে আমরা এখনো কঠোর অবস্থানে। তবে (বর্ষসেরা) অনুষ্ঠান বয়কট না করারই সিদ্ধান্ত নিয়েছি আমরা। যদিও এই অনুষ্ঠানে আমাদের দলের কয়েক জনকেই শুধু পাঠানো হবে।”
ঐ মুখপাত্র আরো জানিয়েছেন, পিসিবি’র কোনো কর্মকর্তাই অংশ নেবেন না এই অনুষ্ঠানে।
গত বছরের অগাস্ট থেকে এ বছরের জুলাই পর্যন্ত টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিলেও আজমলকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি। অবশ্য আইসিসি বর্ষসেরা টেস্ট দলে রাখা হয়েছে এই অফস্পিনারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২৪০ঘ.
bdnews24