ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারালেও মাত্র ১ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৮৫ রানে বেধে রাখার পরও ১৬ রানের পর শুরুর তিন ওভারের বাজে ব্যাটিংকেই দায়ী করলেন দলের পরামর্শক মমতা মাবেন।
ম্যাচ শেষে তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকাকে ৮৫ রানে অলআউট করে বোলাররা যে বাড়তি সুবিধা এনে দিয়েছিলেন প্রথম তিন/চার ওভারের বাজে ব্যাটিংয়ে সেটি আমরা হারিয়েছি।”
“দক্ষিণ আফ্রিকার মেয়েরা এ সময় খুব ভালো বোলিং করেছে। সঠিক লাইন লেন্থে বল করে আমাদের মেয়েদের বেধে রেখেছিলেন তারা” যোগ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী বোলার সাবনিম ইসমাইল ও মারিজান্নে কাপের ৮ ওভার থেকে মোটে ১০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ২ উইকেট নেয়া ডেন ভ্যান নিকার্কের ৪ ওভারেও আসে কেবল ৯ রান।
সুসানা বেনাডির পঞ্চম ওভার থেকে ১০ রান নেয়ার পরও ১০ ওভার শেষে সালমা খাতুনের দলের সংগ্রহ কেবল ২৫। এ সময়ে আর দশ রান বেশি করতে পারলে শেষ পর্যন্ত বাংলাদেশই জিততো বলে মনে করেন মমতা।
তিনি বলেন, “ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আমাদের ব্যাটিং ভালো হয় নি। শুরুতে আরেকটু আক্রমণাত্মক ব্যাটিং করতে পারলে পরের দিকে এতো বেশি চাপ নিতে হতো না।”
“শুরুতে আক্রমণে না গিয়ে আমরা ওদের চেপে ধরার সুযোগ করে দিয়েছি। পরে আর সেই চাপ কাটিয়ে বেরুনো সম্ভব হয় নি,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫২০ ঘ.
bdnews24