ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে অর্ন্তভূক্ত হতে যাচ্ছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা এবং ইংল্যান্ডের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ইনিড বেকওয়েল।
বৃহস্পতিবার আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, “৬৬তম পুরুষ ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও তৃতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ইনিড বেকওয়েল হল অব ফেমে অর্ন্তভূক্ত হতে যাচ্ছেন।”
শনিবার কলম্বোর একটি হোটেলে আইসিসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে লারা ও বেকওয়েলের নাম অর্ন্তভূক্ত করবে আইসিসি।
একমাত্র ব্যাটসম্যান হিসেবে একশ, দুশ, তিনশ, চারশ ও পাঁচশ রানের ইনিংস খেলার কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক লারার। টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও ৪৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানের।
১৯৯০ সালের ডিসেম্বর লাহোরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় লারার। ১৬ বছরের ক্যারিয়ারে ১৩১ টেস্টে ৩৪টি শতকসহ ৫২.৮৮ গড়ে ১১৯৫৩ রান করেন তিনি। সর্বোচ্চ ৪০০*। ২০০৬ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষেই করাচিতে শেষ টেস্ট খেলেন ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটসম্যান।
১৯৯০ সালের নভেম্বরে করাচিতে ওয়ানডে অভিষেক হয় বাঁহাতি এই ব্যাটসম্যানের। ২০০৭ সালের এপ্রিলে ইংল্যান্ডের বিপক্ষে অবসর নেয়ার আগে সতের বছরের ক্যারিয়ারে ২৯৯ ম্যাচে ১৯টি শতকসহ ৪০.৪৮ গড়ে ১০৪০৫ রান করেন লারা। সর্বোচ্চ ১৬৯।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৬১ ম্যাচে ৬৫ শতকসহ ৫১.৮৮ গড়ে ২২১৫৬ রান করেন লারা, যার সর্বোচ্চ ৫০১*।
৭১ বছর বয়সী বেকওয়েল ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে চারটি শতকসহ ১০৭৮ রান করেন। দুবার তিনি তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনশর বেশি রানের রেকর্ড গড়েন। ১৯৬৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ইনিংসে ৪১২ ও ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ইনিংসে ৩০৯ রান করেন তিনি।
২৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দুটি শতকসহ ৫০০ রান করেন তিনি, পাশাপাশি নেন ২৫ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩১৭ ঘ.
bdnews24