ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যান্সারকে জয় করে মাঠে ফেরা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের প্রত্যাবর্তনের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১ রানে হেরে গেছে ভারত। রোমাঞ্চকর এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে অতিথিরা। ভারী বৃষ্টির তাণ্ডবে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়।
দুই ওভার বল করে ১৪ রান দিয়ে উইকেট শূন্য যুবরাজ ব্যাটিংয়ে ছিলেন স্বমূর্তিতেই। ২৬ বলে একটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৩৪ রান করেন তিনি।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৭ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪ উইকেটে ১৬৬ রানেই থেমে যায় ভারতের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানে গৌতম গম্ভীরের বিদায়ে ভারতের শুরুটা ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নার (২৭) সঙ্গে ৬০ ও যুবরাজের সঙ্গে ৩৪ রানের দুটি গুরুত্বপূূর্ণ জুটি গড়ে ভারতকে কক্ষপথেই রাখেন বিরাট কোহলি (৭০)। কোহলির ৪১ বলের ইনিংসে ১০টি চার ও একটি ছক্কা।
চতুর্থ উইকেটে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (২২*) সঙ্গে যুবরাজের ৪২ রানের জুটি ভারতকে জয়ের খুব কাছে নিয়ে আসে। শেষ তিন বলে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল ৬ রান। জেমস ফ্রাঙ্কলিনের বলে যুবরাজ বোল্ড হয়ে গেলে শেষ দুই বলে ৪ রান নিয়ে হার এড়াতে পারেন নি রোহিত শর্মা।
কাইল মিলস ও ফ্রাঙ্কলিন নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন। যুবরাজের ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়া মিলস পরে আর মাঠে ফেরেননি।
এর আগে ২ রানেই উদ্বোধনী জুটিকে হারানো নিউজিল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয় নি। তৃতীয় উইকেটে কেন উইলিয়ামসনের (২৮) সঙ্গে ৯০ ও অধিনায়ক রস টেলরের সঙ্গে ৪৯ রানের দুটি কার্যকর জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ব্রেন্ডন ম্যাককালাম।
দলীয় ১৩৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৯১ রান করে ম্যাককালাম। তার ৫৫ বলের ইনিংসে ১১টি চার ও ৩টি ছক্কা।
টেলরের ২৫* ও জ্যাকব ওরামের ১৮* রানের আক্রমণাত্মক দুই ইনিংসের সুবাদে দেড়শ পেরোয় অতিথিরা।
৩১ রানে ৩ উইকেট নিয়ে ইরফান পাঠান ভারতের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৪ ঘ.
bdnews24