ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন।
পিসিবির মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, “ব্যাটসম্যানদের সহায়তা করার বিশেষ দায়িত্ব নিয়ে স্কোয়াডের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দেবেন তিনি। এটি একটি বাড়তি দায়িত্ব এবং তা পুরো টুর্নামেন্টের জন্য নয়।”
বর্তমানে পিসিবির মহাপরিচালক হিসেবে কাজ করছেন ‘বড়েমিয়া’।
পিটিআইকে মিয়াঁদাদ বলেন, “ইভেন্ট শুরুর আগে ব্যাটসম্যানদের সঙ্গে কয়েকটি সেশন কাটাতে বলা হয়েছে। কোনো টুর্নামেন্ট বা সিরিজ চলাকালে কোনো খেলোয়াড়ের ব্যাটিং টেকনিক পরিবর্তন করা যায় না।”
“খেলায়াড়দের সঙ্গে কথা বলে তাদের স্পিরিট ও আত্মবিশ্বাস বাড়ানোই হবে আমার মূল লক্ষ্য। আমার দায়িত্ব হচ্ছে নেটে বোলারদের সঙ্গে সেশন কাটানো, ছোটোখাটো ব্যাপারগুলো দেখিয়ে দেয়া এবং শ্রীলঙ্কার কন্ডিশনে ব্যাটসম্যানদের প্রয়োজনগুলো নিয়ে কথা বলা,” যোগ করেন পাকিস্তানের অন্যতম সফল এই ব্যাটসম্যান।
তিনি বলেন, “ব্যাটিং কোচ হিসেবে যাচ্ছি না আমি। এমন কি পুরো টুর্নামেন্টও সেখানে থাকবো না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৩৯ ঘ.
bdnews24