ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেভিন পিটারসেনের ক্রিকেট-জীবনে আরেকটি আঘাত। আগামী মৌসুমের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখা হয়নি।
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের আগে প্রতিপক্ষের কয়েক জনের কাছে কয়েক সতীর্থ সম্পর্কে বিদ্রুপ করে এসএমএস পাঠিয়েছিলেন পিটারসেন। ঐ ঘটনার জের ধরে টেস্ট দল থেকে বাদ দেয়া হয় তাকে।
কয়েক মাস ধরেই অবশ্য ‘কেপি’ নামে পরিচিত পিটারসেনের জীবনে বিতর্কের ঝড়। ওয়ানডে থেকে অবসরের ঘোষণা এবং কিছু দিন পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করলেও ইংল্যান্ডের সীমিত ওভারের দলে আর ফিরতে পারেননি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে এবার দর্শকের ভূমিকাই পালন করতে হবে।
ইসিবির এবারের কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই হয়েছে ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক, তিন ব্যাটসম্যান ইয়ান বেল, জোনাথন ট্রট, এউইন মরগান, পাঁচ পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসনান, স্টিভেন ফিন, গ্রাহাম ওনিয়ন্স, স্পিনার গ্রায়েম সোয়ান এবং উইকেট রক্ষক ম্যাট প্রায়রের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৪০ঘ.
bdnews24