২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্ডারদের দুষলেন সালমা

জেতার মতো অবস্থানে থেকেও অন্তত চারটি সহজ ক্যাচ হাত ছাড়া করাকে হারের অন্যতম কারণ বলে মনে করেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেতার মতো অবস্থানে থেকেও অন্তত চারটি সহজ ক্যাচ হাত ছাড়া করাকে হারের অন্যতম কারণ বলে মনে করেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে হারের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সালমা বলেন, “আমরা অনেকগুলো ক্যাচ ফেলেছি। এতোগুলো ক্যাচ না ফেললে ম্যাচটা আমরাই জিততাম।” শেষ ওভারে জয়ের জন্য ৫ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। তখনো জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বলেন জানান সালমা। তিনি বলেন, “শেষ ওভারেও আশা ছাড়িনি, সেই ওভারে ৫ দরকার ছিল। লতা (মন্ডল) আরেকটু ভালো বল করলে জেতা সম্ভব ছিল।” চতুর্থ উইকেটে লতার সঙ্গে ফারজানা হকের ৭০ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দিলেও সালমাসহ পরের দিকের কেউই সেভাবে রান না পাওয়ায় সংগ্রহ তত বড় হয় নি। এ ব্যাপারে বাংলাদেশের দলনায়ক বলেন, “আরো কিছু রান উচিৎ ছিল। লতা-ফারজানা ভালো ভিত গড়ে দিয়েছিল। কিন্তু সেই সুবিধা আমরা কাজে লাগাতে পারিনি।” “পরের ম্যাচ এখন আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হয়ে গেল। এবার না পারলেও সেই ম্যাচ জিতে আমরা প্রথম সিরিজটি জিততে চাই,” যোগ করেন তিনি। অন্যদিকে সংবাদ সম্মেলনে দলের খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মিগনন দ্যু প্রিজ। তিনি বলেন, “আমরা বেশ চাপে ছিলাম। ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর চাপ আরো বেড়ে গিয়েছিল। যে কোনো দিকেই গড়াতে পারতো এমন পরিস্থিতিতে খেলোয়াড়রা মাথা ঠান্ডা রেখে ম্যাচ করে নিয়ে এসেছেন।” “পঞ্চম উইকেট জুটি টি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যালিসন হজকিন্স ও মারিজান্নে কাপের মধ্যকার ৬৪ রানের জুটিই পরের দিকের সবার জন্য খেলা সহজ করে দেয়,” যোগ করেন তিনি। ধীরে ধীরে কন্ডিশনের সঙ্গে তার দল মানিয়ে নিচ্ছে জানিয়ে মিগনন বলেন, “আমরা দ্রুত মানিয়ে নিচ্ছি। পরের ম্যাচে ব্যাটিংয়ে আমি আরো ভালো কিছু প্রত্যাশা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮২০ ঘ.