ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সাঈদ আজমলের নাম যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আইসিসি। স্বাধীন জুরি বোর্ড প্রাথমিক তালিকা থেকে নির্ধারিত সময়ে ৭২ টেস্ট উইকেট নেয়া আজমলকে বাদ দেয়ায় তাদের কিছু করার নেই বলে জানিয়েছে ক্রিকেটের নীতি নির্ধারক সংস্থাটি।
প্রাথমিক তালিকা থেকে অফস্পিনার আজমলের নাম বাদ পড়ার পর আইসিসির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ সময় নির্বাচক প্রক্রিয়া পরিমার্জনের দাবি তুলে আনুষ্ঠানিক আপত্তি জানায় তারা। কিন্তু আইসিসি আজমলের বিষয়টি বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন প্রক্রিয়া খুব সহজ ও স্বচ্ছ উল্লেখ করে আইসিসির মুখপাত্র জানান, “অ্যাকাডেমির সিদ্ধান্ত পরিবর্তনের এখতিয়ার আইসিসির নেই। ভোটের ফলাফলই চূড়ান্ত এবং তা সবার জন্যই প্রযোজ্য।”
পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল ও সাংবাদিক মজিদ ভাট্টিসহ ৩২ জনের স্বাধীন জুরি বোর্ড শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার ভেরনন ফিল্যান্ডার ও হাশিম আমলা এবং অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ককে সংক্ষিপ্ত তালিকার জন্য মনোনয় দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৩৭ ঘ.
bdnews24