ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম শ্রেণীর ক্রিকেটও ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জরুরি সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, “১৪ অক্টোবর থেকে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট শুরু হচ্ছে। প্রথম বছর হয়তো আটটি আঞ্চলিক দলের সবকটির জন্য ফ্র্যাঞ্চাইজি পাওয়া যাবে না। তারপরও এবারই শুরু করতে চাই।”
“ঢাকায় লিগের প্রথম ও ফাইনাল ম্যাচটি হবে দিবা রাত্রির। এ ব্যাপারে আইসিসির অনুমতি নেয়া আছে,” যোগ করেন তিনি।
আঞ্চলিক দলগুলোর জন্য সংশ্লি¬ষ্ট অঞ্চলের একজন করে সাবেকসহ মোট নয় জন খেলোয়াড়কে সমন্বয়ক হিসেবে নিয়োগ দেয়া হবে বলে জানান বিসিবি সভাপতি।
তিনি বলেন, “বিদেশী খেলোয়াড় কতজন খেলতে পারবেন সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। একক লিগ পদ্ধতিতে খেলা হবে, শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।”
“প্রথম শ্রেণীর ক্রিকেটকে আরো প্রতিযোগিতামূলক করতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি,” বলেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, “বিকেএসপির দুটি মাঠের কাজ ত্রিশ শতাংশ ও ফতুল্ল¬ার আউটার স্টেডিয়ামের কাজ পঞ্চাশ শতাংশ এগিয়েছে। জানুয়ারি নাগাদ মাঠ দুটি বিসিবি পুরোপুরি ব্যবহার করতে পারবো।”
ভারতে নাফীস ইকবালকে নিয়ে যে সমস্যা হয়েছে তার তদন্তের ভার দেয়া হয়েছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটিকে।
নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সপ্তম স্থান অধিকারী বাংলাদেশ ক্রিকেট দলকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অধিনায়ক আনামুল হক ও উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস দুই লক্ষ ও স্কোয়াডের অন্যসব খেলোয়াড়কে এক লক্ষ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি।
আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারানোয় পুরস্কৃত হবেন জাতীয় দলের ক্রিকেটাররাও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫৪ ঘ.
bdnews24