২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজমল বাদ পড়ায় পিসিবির আপত্তি

বর্ষ সেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া চার জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সাঈদ আজমল বাদ পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ষ সেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া চার জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সাঈদ আজমল বাদ পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি আশা করছে পর্যালোচনার পর বার্ষিক এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আজমলের নাম অন্তর্ভূক্ত করবে আইসিসি। সংক্ষিপ্ত ওই তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা ও পেসার ভারনন ফিল্যান্ডার, শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। গত ১২ মাসে টেস্টে আজমলের শিকার ৭২টি উইকেট। এর মধ্যে এ বছরের শুরুতে ওই সময়ে টেস্টের এক নম্বর দল ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ তে সিরিজ জেতে পাকিস্তান। ওই সিরিজে ২৪টি উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আজমল। তবে পুরস্কারের জন্য মনোনীত তালিকায় স্থান না পেলেও বর্ষ সেরা টেস্ট দলে নাম আছে এই অফস্পিনারের। পিসিবির মুখপাত্র নাদিম সারওয়ার বলেন, “হ্যাঁ, নির্দিষ্ট ওই সময়ে দারুণ পারফমেন্স করার পরও বর্ষ সেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকায় আজমলের নাম না থাকায় আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।” “আমরা আশা করছি আইসিসি বিষয়টি পর্যালোচনা করবে এবং আজমলের নাম তালিকায় অন্তর্ভূক্ত করবে,” যোগ করেন সারওয়ার। এরআগে দক্ষিণ আফ্রিকাও তাদের খেলোয়াড় বাদ পড়ায় আপত্তি জানিয়েছিলো এবং জোহানেসবার্গে ২০০৯ সালে আইসিসির বার্ষিক অনুষ্ঠানটি বর্জন করেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৩৫ ঘ.