ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুজনই অস্ট্রেলিয়ার পেস-কিংবদন্তি। জাতীয় দলের মতো এবার আরেকটি ক্ষেত্রেও মিলে গেলেন দুজনে। ভারতের এমআরএফ পেস ফাউন্ডেশনে ২৫ বছর ধরে কাজ করা ডেনিস লিলির স্থলাভিষিক্ত হলেন গ্লেন ম্যাকগ্রা।
৪২ বছর বয়সী ম্যাকগ্রা বলেন, “এমআরএফ পেস ফাউন্ডেশন অ্যাকাডেমিতে কাজ করার সুযোগ পাওয়া দারুণ সম্মানজনক ঘটনা। ডেনিস লিলির বিকল্প পাওয়া সম্ভব নয়। তবে এই ফাউন্ডেশনের পরিচালক হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
“বিশ্ব ক্রিকেটে এমআরএফ ফাউন্ডেশনের অনেক অবদান। লিলির অধীনে আমিও এখানে প্রশিক্ষণ নিয়েছি,” যোগ করেন তিনি।
দীর্ঘ দিন দায়িত্ব পালন শেষে এমআরএফ ফাউন্ডেশন ছাড়ার সময় আবেগাক্রান্ত হয়ে পড়েন লিলি। তিনি বলেন, “ফাউন্ডেশন ছাড়ার সিদ্ধান্ত নেয়া ছিল ভীষণ কঠিন। চেন্নাই আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। এই ফাউন্ডেশন, এখানকার কর্মকর্তা-কর্মচারী ও গত ২৫ বছরের দায়িত্ব সব কিছুই ভীষণ মিস করবো।”
“ক্ষুদ্র পরিসর থেকে একটি বিশ্ব মানের অ্যাকাডেমিতে পরিণত হয়েছে এই ফাউন্ডেশন। আমাদের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা সফল হয়েছে। এখানে প্রশিক্ষণ নেয়া বোলাররা ভারতীয় পেস আক্রমণে নেতৃত্ব দিচ্ছে এখন,” যোগ করেন লিলি।
উত্তরসূরী হিসেবে ম্যাকগ্রাকেই সবচেয়ে যোগ্য মনে করেন লিলি। তিনি বলেন, “ফাউন্ডেশনকে এগিয়ে নিতে ম্যাকগ্রাই সঠিক ব্যক্তি। নতুন ভূমিকায় আমি তার সাফল্য কামনা করছি। আমি নিশ্চিত, তার তত্ত্বাবধানে এই ফাউন্ডেশন থেকে আরো অনেক আন্তর্জাতিক মানের ফাস্ট বোলার পাওয়া যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০২ঘ.
bdnews24