২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলি-ধোনির ব্যাটে ভারতের জয়

বিরাট কোহলি ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দৃঢ়তায় ব্যাঙ্গালোরে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। অর্থাৎ দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের জয় ২-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরাট কোহলি ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দৃঢ়তায় ব্যাঙ্গালোরে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। অর্থাৎ দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের জয় ২-০ ব্যবধানে। সোমবার চতুর্থ দিনে ২৬১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৬ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ভারত। প্রথম ইনিংসে ১২২ রানের জুটি গড়া কোহলি আর ধোনি আবারও দলের ত্রাতা। দুজনের ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটি শেষ পর্যন্ত সহজ জয় এনে দেয় ভারতকে। প্রথম ইনিংসে শতক করা কোহলি অপরাজিত থাকেন ৫১ রানে। ম্যাচ সেরা নির্বাচিত কোহলির ৮২ বলের ইনিংসে ৯টি চার। ধোনির ৬০ বলে খেলা ৪৮ রানের ইনিংসে ৩টি চার ও দুটি ছক্কা। দ্বিতীয় ইনিংসে গৌতম গম্ভীরের (৩৪) সঙ্গে বীরেন্দর শেবাগ (৩৮) ৭৭ রানের জুটি গড়লেও ৬ রানের ব্যবধানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায় অস্বস্তিকে ফেলে দেয় ভারতকে। এরপর তৃতীয় উইকেটে চেতেশ্বর পূজারার (৪৮) সঙ্গে শচীন টেন্ডুলকারের (২৭) ৬৯ রানের জুটি স্বস্তি ফিরিয়ে আনে স্বাগতিকদের সাজঘরে। তবে টেন্ডুলকারের আরেকটি বোল্ড, তার ৬ রান পর পূজারার বিদায় এবং সুরেশ রায়নার শূন্য হাতে প্রত্যাবর্তন শঙ্কিত করে তোলে ভারতকে। যদিও কোহলি-ধোনির ব্যাটে চড়ে জয় পেতে সমস্যা হয়নি। এর আগে ৯ উইকেটে ২৩২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা নিউজিল্যান্ড অলআউট হওয়ার আগে আরো ১৬ রান যোগ করে দলীয় সংগ্রহে। এরপর দুটো টি-টোয়েন্টি খেলবে দুদল। প্রথম টি-টোয়েন্টি ৮ সেপ্টেম্বর বিশাখাপত্তনমে। দ্বিতীয়টি ১১ সেপ্টেম্বর চেন্নাইয়ে। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ৩৬৫ ও ২৪৮ (ম্যাককালাম ২৩, গাপটিল ৭, উইলিয়ামসন ১৩, টেলর ৩৫, ফ্লিন ৩১, ফ্র্যাঙ্কলিন ৪১, ভ্যান উইক ৩১, ব্রেসওয়েল ২২, সাউদি ২, প্যাটেল ২২, বোল্ট ৪*; অশ্বিন ৫/৬৯, ওঝা ২/৪৯, যাদব ২/৬৮, জহির ১/৪৬) ভারত: ৩৫৩ ও ২৬২/৫ (গম্ভীর ৩৪, শেবাগ ৩৮, পূজারা ৪৮, টেন্ডুলকার ২৭, কোহলি ৫১*, রায়না ০, ধোনি ৪৮*; প্যাটেল ৩/৬৮, বোল্ট ১/৬৪, সাউদি ১/৬৮) ম্যাচ সেরা: বিরাট কোহলি সিরিজ সেরা: রবিচন্দ্রন অশ্বিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০০ঘ.