ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে ২-১ ব্যবধানে ৩ ম্যাচের সিরিজ জিতল মাইকেল ক্লার্কের দল।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৪ রান করে পাকিস্তান। জবাবে ৪৭ ওভারে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার (২১) ও অধিনায়ক মাইকেল ক্লার্কের (৩২) সঙ্গে ডেভিড হাসির (৪৩) ৪৪ রানের দুটির জুটির সুবাদে অস্ট্রেলিয়ার শুরুটা ভালোই হয়। কিন্তু দলীয় ১০৫ রানে ডেভিড হাসির বিদায়ের পর জর্জ বেইলিও (১) দ্রুত সাজঘরে ফিরলে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
সেখান থেকে পঞ্চম উইকেটে ম্যাথু ওয়েডের (২২) ৫১ ও ষষ্ঠ উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ৬৭ রানের দুটি কার্যকর জুটি গড়ে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি¡ ফেরান মাইক হাসি (৬৫)। দলীয় ২২৬ রানে মাইক হাসি ও ২৩৮ রানে ড্যানি ক্রিশ্চিয়ান বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল (৫৬*)। তার ৩৮ বলের ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা।
৩৭ রানে ৩ উইকেট নিয়ে সাঈদ আজমল পাকিস্তানের সেরা বোলার।
এর আগে নাসির জামশেদের (৪৮) সঙ্গে মোহাম্মদ হাফিজের ১২৯ রানের উদ্বোধনী জুটির সৌজন্যে পাকিস্তানের শুরুটা বেশ ভালো হয়। মিচেল জনসনের করা সাতাশতম ওভারের তৃতীয় বলে ম্যাথু ওয়েডকে ক্যাচ দিয়ে জামশেদ সাজঘরে ফিরলে প্রথম সাফল্য পায় অস্ট্রেলিয়া।
রানের গতি বাড়াতে আসাদ শফিকের বদলে তিন নম্বরে ব্যাট করতে নামা শহীদ আফ্রিদির (৭) দ্রুত বিদায় দলকে উল্টো বিপদে ফেলে। ৩৩তম ওভারে সপ্তম বোলার হিসেবে বল করতে এসে দ্বিতীয় বলে হাফিজকে (৭৮) বিদায় করে পাকিস্তানকে আরেকটা ধাক্কা দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
ব্যাটিং পাওয়ার প্লেতে পাকিস্তানের সেই পুরনো চেহারা। ২৮ রান তুলতেই নেই দুই উইকেট। চতুর্থ উইকেটে শফিকের (২৭) সঙ্গে অধিনায়ক মিসবাহ-উল-হকের ৩০ রানের জুটি ভাঙ্গা মিচেল স্টার্ক ঐ ওভারেই (৩৯) রানের খাতা খুলার আগেই বিদায় করেন উমর আকমলকে।
ষষ্ঠ উইকেটে আজহার আলীর সঙ্গে মিসবাহর ৩৫ রানের সম্ভাবনাময় জুটি ভাঙ্গা স্টার্ক ৪৭তম ওভারেও নেন দুই উইকেট। সেই ওভারের প্রথম বলে মিসবাহ (২৫) ও পঞ্চম বলে কামরান আকমলকে (২) সাজঘরের পথ দেখান তিনি।
সেখান থেকে পাকিস্তানকে আড়াইশর কাছাকাছি পর্যন্ত নিয়ে যান আজহার (২৭*) ও আব্দুর রেহমান (১২*)।
৫১ রানে ৪ উইকেট নিয়ে স্টার্কই অস্ট্রেলিয়ার সেরা বোলার। এছাড়া মিচেল জনসন ২ উইকেট নেন ৩৩ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০১০ ঘ.
bdnews24