ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সফর তেমন ভালো কাটেনি মহিলা ক্রিকেট দলের। অধিনায়ক সালমা খাতুন সবচেয়ে বেশি চিন্তিত দলের ব্যাটিং নিয়ে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার ব্যাপারে তিনি আশাবাদী।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলনের ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সালমা বলেন, “ব্যাটিংয়ে আমাদের আরো উন্নতি করতে হবে। আমাদের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। কিন্তু লড়াই করার জন্য তাদের পুঁজি দিতে হবে।”
আয়ারল্যান্ডে প্রতিকূল কন্ডিশনে স্পিনাররা খুব ভালো করেছেন বলে মনে করেন ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়া সালমা। তিনি বলেন, “আয়ারল্যান্ডে পেসাররা আরো ভালো করতে পারতেন। ব্যাটিংয়েও আরো ভালো পারফরম্যান্স আশা করেছিলাম।”
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মহিলা দল বাংলাদেশ সফরে আসছে। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ বাছাই পর্বে খেলে গেলেও তাদের সম্পর্কে কোনো ধারণা নেই বলেই জানালেন সালমা। তিনি বলেন, “বিশ্বকাপ বাছাই পর্বে তাদের বিপক্ষে খেলা হয়নি। যত দূর জানি ওদের পেস বোলিং বেশ শক্তিশালী। আমরা অবশ্য ছেলেদের পেস বল খেলে প্রস্তুতি নিচ্ছি। আশা করি কোনো সমস্যা হবে না। ওদের সঙ্গে স্পিনই হবে আমাদের মূল অস্ত্র।”
আয়ারল্যান্ড সফরে মাত্র একটি টি-টোয়েন্টি জিতলেও বাংলাদেশের পারফরম্যান্সে সন্তুষ্ট দলের কোচ ওশাদি বীরাসিংহে। তিনি বলেন, “এটাই ছিল বিদেশে মেয়েদের প্রথম সফর। সে হিসেবে তারা খারাপ করেনি।”
“পাকিস্তানের সঙ্গে একটা ম্যাচে আমরা ভালোই লড়াই করেছি। আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জিতেছি। স্পিনাররা খুব ভালো করেছে। অবশ্য পেসাররা তেমন ভালো করতে পারেনি। আমাদের ফিল্ডিংও তেমন ভালো হয় নি,” যোগ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার খাদিজাতুল কুবরা।
তিনি বলেন, “বাংলাদেশের মাটিতে স্পিনাররা সব সময় ভালো করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার ব্যাপারে আমরা তাই আত্মবিশ্বাসী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৬ঘ.
bdnews24